২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে খেলা হচ্ছে না ট্রেসকোথিকের

গোড়ালির চোটের কারণে চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে খেলা হচ্ছে না সামারসেটের অধিনায়ক মার্কোস ট্রেসকোথিকের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 11:56 AM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোড়ালির চোটের কারণে চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে খেলা হচ্ছে না সামারসেটের অধিনায়ক মার্কোস ট্রেসকোথিকের। শুধু অধিনায়ক ট্রেসকোথিকতে নয় ব্যাটসম্যান ট্রেসকোথিকের অভাবও অনুভব করবে সামারসেট। ইংল্যান্ডের ঘরোয়া আসর ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টির রানার্সআপ দল সামারসেটের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বের জন্য এরই মধ্যে অন্য দলগুলো নিজেদের 'স্কোয়াড' ঘোষণা করেছে। এবার ইংল্যান্ডের দুটি দল লিস্টারশায়ার ও সামারসেটও নিজেদের স্কোয়াড় ঘোষণা করলো। ট্রেসকোথিকের অনুপস্থিতি ছাড়া একরকম চমকহীন দলই ঘোষণা করেছে সামারসেট। দলের একমাত্র নতুন মুখ ২০ বছর বয়সী অ্যাডাম ডিবল। আইপিএলে খেলা তিনজন ক্রিকেটার রয়েছেন সামারসেট দলে। এর মধ্যে মুরালি কার্তিক ও আলফানসো থমাস গত আসরে খেলেছিলেন পুনা ওয়ারিয়র্সের হয়ে। রুলফ ভ্যান ডার মারউই খেলেছিলেন দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে। এদিকে ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন লিস্টারশায়ার দলে কোনো পরিবর্তন নেই। শিরোপাজয়ী দল নিয়েই তারা বাছাই পর্ব খেলতে নামবে। এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আব্দুল রাজ্জাক পাকিস্তানের একমাত্র ক্রিকেটার হিসেবে ভারতে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাচ্ছেন। পাকিস্তানের কোনো দলকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আমন্ত্রণ জানানো হয়নি। অবসরের ঘোষণা দেয়া ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক পল নিক্সনের জন্য চ্যাম্পিয়ন্স লিগ হতে যাচ্ছে তার ক্রিকেট জীবনের শেষ টুর্নামেন্ট। ১৯ সেপ্টেম্বর থেকে চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্ব শুরু হবে। চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জণ করতে দুই দলই দুটি করে ম্যাচ পাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৭৫০ ঘ.