ঢাকা, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি খেলাতেও জিতেছে ইংল্যান্ড। ৬ উইকেটে হারায় তারা সফরকারীদের। তখনো হাতে ছিল ৩ বল।
এর আগে চার টেস্টের সিরিজের সব খেলাতেই হার মানে ভারত। পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম খেলা হবে শনিবার টেস্টার লি স্ট্রিটে।
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভারে ৪ বলে ১৬৫ রানে গুটিয়ে যায় ভারত। রান তাড়া করতে নেমে ১৯ ওভার ৩ বলে জয়ের লক্ষ্য ১৬৬ টপকে ১৬৯ রানে পৌঁছে যায় ইংল্যান্ড।
ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে কোনো রান জমা হওয়ার আগে অ্যালেক্স হ্যালস (০) সাজঘরের পথ ধরলেও জয়ের পথে হাঁটতে কোনো অসুবিধা হয়নি ইংল্যান্ডের।
ক্রেগ কিসওয়েটার ১৮, কেভিন পিটারসেন ৩৩ ও ইয়ন মার্গান ৪৯ রান করে দলকে এগিয়ে নেন অনেকখানি। আর বাকি কাজ শেষ করেন রবি বোপারা ও সমিত প্যাটেল।
শেষ পর্যন্ত বোপারা ৩১ ও প্যাটেল ২৫ রানে অপরাজিত ছিলেন।
ভারতের পক্ষে মুনাফ ২ উইকেট নেন ৪৫ রানে।
এর আগে ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান পার্থিব প্যাটেল ও এ রাহানে শুরুটা একেবারে খারাপ করেননি। ১২ বলে ১০ রান করে পার্থিব বিদায় নিলেও ততক্ষণে স্কোর বোর্ডে জমা হয়ে যায় ৩৯ রান।
এরপর রাহানের সঙ্গে যোগ দেন রাহুল দ্রাবিড়। সঙ্গে সঙ্গে যেন গতি পেয়ে যায় রানের চাকা। মাত্র ১১ ওভারে ১০০ রানে পৌঁছে যায় ভারত। দলের সঙ্গে আর ৪ রান যোগ হতেই ২১ বলে ৩১ রান করে সাজঘরের পথ ধরেন দ্রাবিড়। ছক্কা হাঁকান তিনটি।
মাত্র ২ রান পর তাকে অনুসরণ করেন রাহানেও। ৩৯ বলে আটটি চারের সাহায্যে তিনি রান করেন ৬১।
রাহানের বিদায়ের সঙ্গে সঙ্গে ভারতের রানের পালে লাগা হাওয়াও কমে যায়। সেই সঙ্গে শুরু হয়ে যায় ব্যাটসম্যানদের যাওয়া-আসার পালা। ব্যতিক্রম ছিলেন কেবল সুরেশ রায়না। অষ্টম ব্যাটসম্যান হিসেবে বিদায নেয়ার আগে ১৯ বলে রান করেন ৩৩। তিনি তার ইনিংসটি সাজান দু'টি চার ও তিনটি ছক্কা দিয়ে।
শেষ পর্যন্ত বিনয় কুমার ২ রানে অপরাজিত ছিলেন।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে জ্যাড ডার্নব্যাচ ৪ উইকেট নেন ২২ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫০৬ ঘ.
bdnews24