ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গৌতম গম্ভিরের বদলে ভারতের একদিনের দলে ডাকা হয়েছে রবীন্দ্র জাদেজাকে। সেই সঙ্গে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সহকারী হিসেবে সুরেশ রায়নার নাম ঘোষণা করা হয়েছে।
ওভালে চতুর্থ টেস্টে একটি ক্যাচ ধরতে গিয়ে পড়ে যান গম্ভির। এতে মাথায় আঘাত পান তিনি। ক্যাচটিও অবশ্য ধরতে পারেননি।
চোটের কারণে দুই পালার কোনোটিতেই উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নামতে পারেননি তিনি। বরং ব্যাট করেন লেজের দিকে।
এই চোট পান তিনি ২০ আগস্ট।
গম্ভির জানান, তিনি এখনো কোনো কিছু ঠিক মতো দেখতে পারছেন না। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছেন না কোনো কিছুর দিকে। এ অবস্থায় তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে। এতেই তিনি সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে, চিকিৎসকের কাছে যাওয়ার আর প্রয়োজন নেই।
জাদেজা দেশের হয়ে শেষবার মাঠে নামেন নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১০ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৪৬ ঘ.
bdnews24