ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব চ্যাম্পিয়ন বলে একদিনের সিরিজে ভারত এগিয়ে থাকতে পারে বলে মানছেন অলরাউন্ডার টিম ব্রেসন্যান। তবে তিনি একথাও বলেন যে, তাই বলে ভারতকে সিরিজের সব খেলায় হারানোর পরিকল্পনা থেকে ইংল্যান্ড পিছু হটবে না।
চার টেস্টের সিরিজের সব খেলায় জিতেছে ইংল্যান্ড। এখন দেশটির লক্ষ্য টি-টোয়েন্টি ও একদিনের সিরিজ জেতা।
ভারতের মূল দলের পাঁচ খেলোয়াড় আহত হওয়ায় মাঠে নামতে পারছেন না। আর বকিরা ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে এখনো ঠিক মতো মানিয়ে নিতে পারেননি। এ অবস্থায় টি-টোয়েন্টি ও একদিনের সিরিজ জেতা কঠিন হবে না বলে মনে করছেন ব্রেসন্যান।
কয়েক মাস আগে বিশ্বকাপ জিতেছে বলে সিরিজে ভারত এগিয়ে থাকতে পারে বলে স্বীকার করেন ব্রেসন্যান। কিন্তু তিনি বলেন, "কিন্তু আমাদের মাটিতে আমাদের হারানো সহজ নয়। কিছুদিন আগে শ্রীলঙ্কা তা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে।"
"টেস্টে আমরা তাদের সব খেলায় হারিয়েছি। একদিনের সিরিজেও তাদের সেভাবে হারাতে চাই," বলেন তিনি।
ভারত হেলাফেলার দল নয় বলে উল্লেখ করে ব্রেসন্যান বলেন, "তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। কিন্তু আমরা সব খেলাতেই জিততে চাই। আসলে আমাদের মানসিকতা এখন অনেকটা এ রকমই।"
পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথমটি হবে ৩ সেপ্টেম্বর চেস্টার লি স্ট্রিটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭১৯ ঘ.
bdnews24