২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এগিয়ে শ্রীলঙ্কা, লড়বে অস্ট্রেলিয়া

নিজের মাঠে খেলা বলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তিন টেস্ট সিরিজে ফেভারিট শ্রীলঙ্কা। তবে ছেড়ে কথা বলবে না সফরকারীরাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 12:26 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজের মাঠে খেলা বলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তিন টেস্ট সিরিজে ফেভারিট শ্রীলঙ্কা। তবে ছেড়ে কথা বলবে না সফরকারীরাও। গলে বুধবার প্রথম টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় খেলা শুরু হবে। শ্রীলঙ্কায় টেস্ট খেলার অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার বতর্মান দলের কেবল একজনেরই রয়েছে। ২০০৪ সালের ওই সফরে অস্ট্রেলিয়া দলে ছিলেন রিকি পন্টিং। অন্য দিকে ওই সিরিজে শ্রীলঙ্কার পক্ষে খেলার পাঁচজন খেলোয়াড় দলে রয়েছেন। দলকে নেতৃত্ব দিচ্ছেন না এমন সিরিজে পন্টিং শেষবার খেলেছিলেন ২০০৩-০৪ সালে ভারতের বিপক্ষে। সেবার দুটি শতকসহ ১০০.৮৫ গড়ে রান সংগ্রহ করেন তিনি। অ্যাশেজে ব্যাট হাতে বাজে খেলার পর এবার স্বরূপে ফিরতে চান পন্টিং। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী। সাইমন ক্যাটিচের বদলে শেন ওয়াটসনের সঙ্গে দলের ইনিংস উদ্বোধন করতে নামবেন ফিল হিউজেস। অধিনায়ক মাইকেল ক্লার্ক, মাইক হাসি, উসমান খাজা ও ব্র্যাড হ্যাডিনে গড়া মিডলঅর্ডার শ্রীলঙ্কার বোলারদের কঠিন পরীক্ষা নিতে পারেন। মিচেল জনসন, রায়ান হ্যারিস ও ট্রেন্ট কপল্যান্ড গলের স্পিন সহায়ক পিচেও শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পারেন। অবশ্য কপল্যান্ডের বদলে নাথান লিয়নকেও খেলাতে পারে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে মাইকেল বীয়ার একজন সঙ্গী পাবেন। না হলে তাকে একাই স্পিন আক্রমণ সামলাতে হবে। স্বাগতিক শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপও বেশ শক্তিশালী। অধিনায়ক তিলকরাতেœ দিলশান, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে ও থিলন সামারাবীরা যে কোনো উইকেটেই বড় ইনিংস খেলার সামর্থ্য রাখেন। গলের পরিচিত পিচে তাদের দ্রুত ফিরিয়ে দেয়া বেশ কঠিন হবে। থারাঙ্গা পরানাভিতানা ও লাহিরু থিরিমানের যে কোনো একজন দিলশানের সঙ্গে দলের ইনিংস উদ্বোধন করতে নামবেন। প্রস্তুতি ম্যাচে শতক হাঁকানো থিরিমানে একটু এগিয়ে আছেন। উইকেটরক্ষক প্রসন্ন জয়াবর্ধনে ও অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস শ্রীলঙ্কার ব্যাটিং গভীরতা বাড়িয়েছেন। সুরঙ্গা লাকমাল ও চানকা ওয়ালেগেদারা শুরুতে উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিতে পারেন। তবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবেন অজন্তা মেন্ডিস ও রঙ্গনা হেরাথ। টি-টোয়েন্টি ও একদিনের সিরিজেও স্বাগতিক দলের স্পিনারদের সামলাতে বেশ বেগ পেতে হয়েছে সফরকারী ব্যাটসম্যানদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬১১ ঘ.