ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে দেশে ফিরে যেতে হতে পারে ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভিরকে।
ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে আঘাত পাওয়ার পর এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি।
এ কারণে সাসেক্স ও কেন্টের বিপক্ষে সীমিত ওভারের প্রস্তুতি ম্যাচে খেলতে পরেননি গম্ভির। সোমবার ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন লিচেস্টারশায়ারের বিপক্ষে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচেও তার মাঠে নামার সম্ভাবনা বলতে গেলে নেই।
এখনো মাঝে মধ্যে তার মাথা চক্কর দিয়ে ওঠে। চোখেও ঝাপসা দেখছেন।
দলের ম্যানেজার শিবলাল যাদব ইএসপিএনক্রিকইনফোকে বলেন, "গম্ভির জানিয়েছেন যে পেসারদের বল তিনি ঠিক মতো দেখতে পারছেন না। মঙ্গলবার তাকে ম্যানচেস্টারের একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে নেয়া হবে।"
" চক্ষুবিশেষজ্ঞ কি বলেন তার উপর নির্ভর আমাদের পরবর্তী পদক্ষেপ," যোগ করেন যাদব।
ওভালে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন মিড-অনে কেভিন পিটারসেনের একটি ক্যাচ ধরার সময় আঘাত পান গম্ভির। এরপর ব্যাট হাতে কোনো পালায় উদ্বোধন করতে নামেননি তিনি। বরং নিচের দিকে ব্যাট করেন এবং দুই পালা মিলে করেন ১৩ রান।
গম্ভির যদি খেলতে না পারেন তাহলে তিনি হবেন ভারতের পঞ্চম খেলোয়াড়, যিনি চোটের কারণে একদিনের সিরিজে খেলতে পারছেন না। অন্য চার খেলোয়াড় হলেন জহির খান, যুবরাজ সিং, হরভজন সিং ও বীরেন্দর শেবাগ।
পাঁচ ম্যাচ একদিনের সিরিজের প্রথম খেলা হবে ৩ সেপ্টেম্বর চেস্টার লি স্ট্রিটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭০৫ ঘ.
bdnews24