ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেন্টের বিপক্ষে শুক্রবার টি-টোয়েন্টি প্রস্তুতি খেলা শেষে ভারতীয় দলের খেলোয়াড়দের মধ্যে বোমাতঙ্ক দেখা দেয়।
ইংল্যান্ডের সান প্রত্রিকায় বলা হয়, একটি প্যাকেট দেখে সন্দেহ দেখা দেয়ায় সেন্ট লরেন্স মাঠের সাজঘর থেকে ভারত দলের সব সদস্যকে পুলিশ মাঠের মাঝামাঝি জায়গায় গিয়ে দাঁড়াতে বলে।
সেখানে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তার খেলোয়াড়দের নিয়ে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেন। এরপর পুলিশের পাহারায় বেশ কয়েকটি গাড়িতে করে তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়।
একজন প্রত্যক্ষদর্শী জানান, বোমা স্কোয়াড পুরো জায়গায় তল্লাশি চালিয়েছে।
পুলিশ এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১০৭ ঘ.
bdnews24