২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের বিরুদ্ধে খেলোয়াড়দের মামলা

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) বিরুদ্ধে ২০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা দায়ের করেছে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউআইপিএ)। এরই মধ্যে মামলার কাগজ-পত্র হাতে পাওয়ার কথা স্বীকার করেছে ক্রিকেট বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) বিরুদ্ধে ২০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা দায়ের করেছে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউআইপিএ)। এরই মধ্যে মামলার কাগজ-পত্র হাতে পাওয়ার কথা স্বীকার করেছে ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে খেলোয়াড়দের সমিতি কোনো বিবৃতি দেয়নি। কিন্তু বিভিন্ন প্রচার মাধ্যমের খবরে বলা হচ্ছে, যে সব খেলোয়াড়ের সঙ্গে বোর্ডের কোনো চুক্তি নেই, তাদের বিদেশে খেলার জন্য নিঃশর্ত অনাপত্তি পত্র না দেয়ায় ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো হাইকোর্টে এই মামলা দায়ের করা হয়। এদিকে বেতন-ভাতা ও খেলোয়াড়দের অধিকার নিয়ে বহুদিন ধরে বিরোধ চলছে উভয় পক্ষের মধ্যে। তবে বিরোধ নিষ্পত্তির জন্য একটি খসরা সমঝোতা স্মারক প্রণয়নের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আপিএল) মতো বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে নামি-দামি খেলোয়াড়ে পরিণত হয়েছেন ক্রিস গেইল, কিয়েরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভো। গত সেপ্টেম্বরে বোর্ডের সঙ্গে চুক্তির প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেন। কেননা ডাকলেই ওয়েস্ট ইন্ডিজ দলে খেলতে হবে, এই শর্তটি জুড়ে দেয়া হয়েছিল চুক্তিতে। অনাপত্তি পত্র দেয়ার আইন-কানুন কঠোর করে তোলা নিয়ে বেশ কিছুদিন ধরে কথাবার্তা বলে আসছে ক্রিকেট বোর্ড। কিন্তু কোনো খেলোয়াড়কে অনাপত্তি পত্র দিতে কখনোই আপত্তি করেনি তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৩৩ ঘ.