২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্টের বিপক্ষে ভারতের জয়

কেন্টের বিপক্ষে প্রস্তুতি খেলায় ৫ রানে জিতেছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 11:06 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেন্টের বিপক্ষে প্রস্তুতি খেলায় ৫ রানে জিতেছে ভারত। কান্টারবুরির সেন্ট লরেন্স গ্রাউন্ডে টি-টোয়েন্টি খেলায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কেন্ট। ব্যাট করতে নেমে বিরাট কোহলির অর্ধশতকের সুবাদে ৬ উইকেটে ১৬৪ রান করে ভারত। জবাবে জো ডেনলির শতকের পরও ৫ উইকেটে ১৫৯ রানে থেমে যায কেন্ট। জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে বলতে গেলে একাই লড়েছেন ডেনলি। অন্য প্রান্ত থেকে ব্যাটসম্যানদের কেউ খুব একটা সহায়তা দিতে না পারায় উইকেট ধরে রাখার পাশাপাশি রান তোলার গতিও তাকে বাড়াতে হয়। ১৯ তম ওভারের শেষ বলে ডেনলি (১০০ রান) নিজের শতকে পৌঁছেই তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নিলে খেলায় ফেরে ভারত। দলের রান তখন ১৫৬। তার ৬৮ বলের ইনিংসে ৮টি চার ও ৩টি ছয় রয়েছে। শেষ ৭ বলে জয়ের জন্য ৯ রান প্রয়োজন ছিল কেন্টের। কিন্তু সফরকারীরা ভালো বল করায় শেষ পর্যন্ত পেরে ওঠেননি কেন্টের ব্যাটসম্যানরা। ডেনলি ছাড়া ভ্যান জার্সভেল্ড ১৭ ও ড্যারেন স্টিভেন্স ১৭ রান করেন। ভারতের পক্ষে রুদ্র প্রতাপ সিং ২ উইকেট নেন ৩৬ রানে। এর আগে নিজেদের পালার শুরুতে দুই উদ্বোধনী ব্যাটসম্যান পার্থিব প্যাটেল (১) ও রাহুল দ্রবিড় (১৫) ফিরে গেলে চাপে পড়ে যায় ভারত। তৃতীয় উইকেট জুটিতে কোহলি ও রোহিত শর্মা ৬৯ রান তুলে পরিস্থিতি শুধু সামলই দেননি, খেলায় ফিরিয়ে আনেন দলকে। দলীয় ১২২ রানের মাথায় রোহিত (৩০) বিদায় নিলে খেলার পাল্লা কিছুটা হলেও হেলে যায় কেন্টের দিকে। ১০ রান পর তাকে অনুসরণ করেন কোহলি (৭৮)। তিনি তার ৫৩ বলের ইনিংসটি সাজান ৭টি চার ও ৩টি ছক্কা দিয়ে। এরপর সুরশ রায়না (৪) ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (০) দ্রুত বিদায় নিলে স্কোর বোর্ডে আরো রান জমা করার সুযোগ হারায় ভারত। শেষ পর্যন্ত দলকে লড়াইয়ের পুঁজি এন দেন রবীচন্দ্রন অশ্বিন। ২৩ রানে অপরাজিত থাকেন তিনি। তার ১৩ বলের ইনিংসে ২টি চার ও ১টি ছয় রয়েছে। কেন্টের পক্ষে জেমস ট্রেডওয়েল ২ উইকেট নেন ১৮ রানে। ইংল্যান্ড-ভারত টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ৩১ অগাস্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬৫৫ ঘ.