ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পেসার শামিন্দা ইরাঙ্গা ও লেগ-স্পিনার সেক্কুগে প্রসন্ন।
দলে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও লাহিরু থিরিমান্নে। চোট পাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে অধিনায়ক তিলকারত্নে দিলশান তৃতীয় টেস্টে খেলতে না পারায় তার জায়গায় খেলেছিলেন থিরিমান্নে।
তবে বাদ পড়েছেন থিসারা পেরেরা, দিলহারা ফার্নান্দো, পারভেজ মাহারুফ ও দিনেশ চান্দিমাল।
শ্রীলঙ্কার পেস আক্রমণের মূল অস্ত্র লাসিথ মালিঙ্গা টেস্ট ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন।
তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন ইরাঙ্গা। একদিনের সিরিজের তৃতীয় খেলায় শ্রীলঙ্কার হয়ে প্রথমবারের মতো মাঠে নেমে সাত ওভারে ৩৮ রান দিয়ে নেন ব্র্যাড হ্যাডিন ও রিকি পন্টিংয়ের উইকেট।
চতুর্থ খেলায় অবশ্য কোনো উইকেট পাননি তিনি। তবে ব্যাটসম্যানদের বেঁধে রাখার কাজটা খুব একটা খারাপ করেননি। ৪ ওভারে দেন ১৬ রান। পঞ্চম খেলায় আট ওভার বল করে ৪৫ রান দিনে নেন দুই উইকেট।
তিন টেস্ট সিরিজের প্রথমটি গলে শুরু হবে ৩১ অগাস্ট।
দল: তিলকারত্নে দিলশান (অধিনায়ক), থারাঙ্গা পারানাভিতানা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, থিলান সামারাবীরা, প্রসন্ন জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, সুরাজ রনদিব, সুরাঙ্গা লাকমাল, চানাকা ওয়েলেগেদারা, ধাম্মিকা প্রসাদ, শামিন্দা ইরাঙ্গা, লাহিরু থিরিমান্নে, সেক্কুগে প্রসন্ন, অজান্তা মেন্ডিস ও রঙ্গনা হেরাথ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬০৯ ঘ.
bdnews24