২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াকারের পদত্যাগ: গোপন কোনো গল্প নেই

জাতীয় দলের কোচের পদ থেকে ওয়াকার ইউনুসের সরে দাড়ানোর পেছনে গোপন কোনো গল্প নেই বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 10:22 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় দলের কোচের পদ থেকে ওয়াকার ইউনুসের সরে দাড়ানোর পেছনে গোপন কোনো গল্প নেই বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে বলেছে, বোর্ডের সঙ্গে মত-পার্থক্যের কারণে সরে যাননি তিনি। পিসিবির প্রধান অপারেটিং অফিসার সুবহান আহমেদ বলেন, "ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বেশ কিছুদিন আগে কোচের পদ থেকে সরে যেতে চান ওয়াকার।" এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া বোর্ডের জন্য সহজ ছিল না বলে জানিয়ে তিনি বলেন, "তবে শেষ পর্যন্ত আমরা তার অবস্থা বুঝতে পেরেছি।" খেলোয়াড় ও কোচ হিসেবে পাকিস্তানের ক্রিকেটকে ওয়াকার অনেক কিছু দিয়েছেন বলে মনে করেন সুুবহান। তিনি বলেন, "তাই তাকে আমরা অন্তত দলের পনুর্গঠন পর্যন্ত রাখতে চেয়েছিলাম।" এদিকে পদত্যাগের পর বিভিন্ন গল্প ছড়ানোয় হতাশা প্রকাশ করেছেন ওয়াকার। তিনি বলেন, "এটা খুব দুভার্গ্যজনক। আমি সংবাদ মাধ্যমে আমার পদত্যাগের কারণ পরিস্কারভাবে ব্যাখ্যা করেছি। কিন্তু তারপরও রেহাই মেলেনি, গল্প ছড়িয়েছে।" "পাকিস্তান দলের সঙ্গে কাজ করা আমার জন্য ছিল নিঃসন্দেহে সম্মানের। কাজটা আমি উপভোগও করেছি," বলেন তিনি। সাবেক পেসার বলেন, "এক সঙ্গে কাজ করতে গেলে মত-পার্থক্য দেখা দিতেই পারে। আমি একান্তই ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। এ ব্যাপারে আর যা কিছু বলা হচ্ছে তার সবই ভিত্তিহীন।" "আমাকে সহায়তা করার জন্য পিসিবিকে ধন্যবাদ। আমার সমস্যাগুলো কাটিয়ে ওঠার পর প্রয়োজনে আবারো দলকে সহায়তা করতে এগিয়ে আসবো," যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬২০ ঘ.