২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ওয়াকারের যোগ্য উত্তরসূরী আকিব'

আকিব জাভেদই ওয়াকার ইউনুসের যোগ্য উত্তরসূরী হতে পারেন বলে মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ মুদাসসর নজর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আকিব জাভেদই ওয়াকার ইউনুসের যোগ্য উত্তরসূরী হতে পারেন বলে মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ মুদাসসর নজর। একই সঙ্গে তিনি বলেন, মাথা উঁচু করেই ওয়াকার কোচের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। পাকপ্যাশন ডটনেটকে মুদাসসর বলেন, "ওয়াকার কোচ হিসেবে খুবই ভালো কাজ করেছেন। দলে যখন সমস্যার মধ্যে ছিল তখন তিনি দায়িত্ব নেন এবং শেষ পর্যন্ত তিনি ভালো কাজ করেছেন।" বারবার অধিনায়ক পরিবর্তন ওয়াকারের কাজকে অনেক বেশি কঠিন করে তোলে বলে মনে করছেন মুদাসসর। তিনি বলেন, "কোচ হিসেবে ওয়াকারের দায়িত্ব পালনকালে বেশ কয়েকবার অধিনায়ক পরিবর্তন হয়েছে। তারপরও ওয়াকার দলকে এগিয়ে নিয়ে গেছেন। দলের যা শক্তি তার অধীনে পাকিস্তান অনেক ভালো করেছে।" "পাকিস্তানি বা বিদেশি নয়, যিনি যোগ্য তাকেই দলের কোচ করা উচিত। তবে এই মুহূর্তে বিদেশি কোচ পাওয়া প্রায় অসম্ভব। আর পাওয়া গেলেও তারা পাকিস্তানে দলকে খুব বেশি সময় দিতে চাইবেন না। দুভার্গ্যজনকভাবে পাকিস্তানিদের পক্ষেই এখন দেশে থাকা কঠিন, একজন বিদেশি থাকবেন কিভাবে," এ সময় দেশের নিরাপত্তা পরিস্থিতির দিকে আঙ্গুল তোলেন তিনি। মুদাসসর বলেন, "জিওফ লওসনকে এ কারণে ধন্যবাদ দিতেই হয়। তিনি পাকিস্তানে অনেক সময় কাটিয়েছেন। তার মতো একজনকে খুঁজে বের করতে হবে।" "তবে আকিবের উপর আমার যথেষ্ট আস্থা রয়েছে। গত দশ বছরে তিনি দলের বিভিন্ন দায়িত্ব পালান করেছেন। তিনি অবশ্যই একজন ভালো কোচ। আমি মনে করি তার হাতেই দলের দায়িত্ব দেয়া উচিত," বলেন তিনি। সাবেক অধিনায়ক বলেন, "এছাড়া শহিদ আফ্রিদি অধিনায়ক হিসেবে ফিরলে খুবই ভালো হবে।" আকিব ও আফ্রিদির মধ্যে যৌক্তিক একটা সম্পর্ক থাকলে দল লাভবান হবে বলে মনে করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮২৩ ঘ.