ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত শতরানের শতকে পৌঁছাতে পারলেন না শচীন টেন্ডুলকার। সাজঘরে ফিরে গেলেন তিনি ৯১ রান করে।
আন্তর্জাতিক ক্রিকেটে এবার নিয়ে মোট ২৬ বার ৯০-এর ঘরে আউট হলেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে কেনিংটন ওভালে চতুর্থ টেস্টের শেষ দিন ভারতের দ্বিতীয় পালায় টিম ব্রেসন্যানের বলে এলবিডব্লিউয়ের শিকার হন শচীন। ১৭২ বলে ৯১ রান করার পথে চার হাঁকান ১১টি। তখন দলের রান ছিল ৫ উইকেটে ২৬২।
১২ মার্চ দেশের মাটিতে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শতরান করে ৯৯তম শতকে পৌঁছান তিনি। টেস্ট ক্রিকেটে প্রথম শতকের দেখা পান ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারে ১৯৯০ সালে।
এরই মধ্যে টেস্টে ৫১টি শতক হাঁকিয়েছেন শচীন। এছাড়া একদিনের ক্রিকেটে তার রয়েছে ৪৮টি শত রানের ইনিংস।
টেস্ট ক্রিকেটে শতক হাঁকানোর দিক দিয়ে শচীনের ঠিক পেছনেই রয়েছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। তার ঝুলিতে রয়েছে ৪০টি শতক। আর একদিনের ক্রিকেটে তার পেছনে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তিনি শতক হাঁকিয়েছেন ২৯টি।
১৯৮৯ সালের ১৫ নভেম্বর শচীনের টেস্ট অভিষেক হয় করাচিতে পাকিস্তানের বিপক্ষে।
১৮১ টেস্টে ৫১ শতকসহ ৫৬.২৫ গড়ে তিনি রান করেছেন ১৪,৯৬৫। সর্বোচ্চ অপরাজিত ২৪৮। আর ৫৩.৬৮ গড়ে নিয়েছেন ৪৫ উইকেট। সেরা ৩/১৪।
৪৫৩টি একদিনের খেলায় ৪৮ শতকসহ ৪৫.১৬ গড়ে করেন ১৮,১১১ রান। সর্বোচ্চ ২০০। আর ৪৪.৪০ গড়ে নেন ১৫৪ উইকেট। ৫ উইকেট নেন ২ বার। সেরা ৫/৩২।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯৩৪ ঘ.
bdnews24