২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের সিরিজে অনিশ্চিত শেবাগ, গম্ভির

ইংল্যান্ডের বিপক্ষে একদিনের দলে থাকলেও শেষ পর্যন্ত মাঠে নাও দেখা যেতে পারে ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভিরকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 10:45 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে একদিনের দলে থাকলেও শেষ পর্যন্ত মাঠে নাও দেখা যেতে পারে ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভিরকে। ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে নাস্তানাবুদ হওয়ার পর একদিনের সিরিজে এই দু'জন না খেললে আরো ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে পারে বিশ্ব চ্যাম্পিয়নরা। ৬ অগাস্ট ঘোষিত একদিনের দলে দু'জনই আছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সময় কাঁধে চোট পান শেবাগ। গত মে মাসে অস্ত্রোপচার করা হলেও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি। চোটের কারণে যাওয়া হয়নি ওয়েস্ট ইন্ডিজ সফরে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দু'টি টেস্টেও মাঠে নামতে পারেননি। চতুর্থ টেস্টে ব্যাটিং করার সময় আবারো কাধে ব্যথা অনুভব করায় চিকিৎসককে ডেকে পাঠান তিনি। আর খেলায় ফিল্ডিং করার সময় আহত হন গম্ভির। বড় ধরনের কোনো চোট না পেলেও চতুর্থ টেস্টে ব্যাট করতে সমস্যা হয় তার। চোটের কারণে টেস্ট সিরিজের বিভিন্ন সময় দল থেকে বাদ পড়েন যুবরাজ সিং, জহির খান, হরভজন সিং ও প্রভিন কুমার। ৩১ অগাস্ট হবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ। পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথমটি হবে ৩ সেপ্টেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬৩৬ ঘ.