২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলে ফিরলেন শোয়েব মালিক

জিম্বাবুয়ে সফরে পাকিস্তান দলে ফিরেছেন সাবেক অধিনায়ক শোয়েব মালিক। সে দেশের ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে দোষমুক্তির ছাড়পত্র পাওয়ার পর দলে নেয়া হয় তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 11:23 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফরে পাকিস্তান দলে ফিরেছেন সাবেক অধিনায়ক শোয়েব মালিক। সে দেশের ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে দোষমুক্তির ছাড়পত্র পাওয়ার পর দলে নেয়া হয় তাকে। ছাড়পত্র পাওয়া সাপেক্ষে জিম্বাবুয়ে সফরের জন্য ঘোষিত দলে 'স্ট্যান্ডবাই'র তালিকায় ছিলেন তিনি। পাকিস্তানের নির্বাচক কমিটির চেয়ারম্যান মহসিন খান বলেন, "পিসিবির ছাড়পত্র পাওয়ার পর টিম ম্যানেজমেন্টের সবাই এক বৈঠকে একমত হন যে তার অভিজ্ঞতা দলের শক্তি বাড়াবে।" অলরাউন্ডার শোয়েব শেষবার মাঠে নামেন গত বছর ইংল্যান্ড সফরে। এর পরপরই পিসিবির সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। দেশের বাইরের একটি ব্যাঙ্কে রাখা শোয়েবের অর্থ নিয়ে প্রশ্ন তুলে এ ব্যাপারে তার ব্যাখ্যা চায় পিসিবি। পরে শোয়েবের ব্যাখ্যায় সন্তুষ্ট হয় পিসিবি। শেষ পর্যন্ত শুক্রবার ছাড়পত্র পান শোয়েব মালিক। দেশের হয়ে খেলতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে চমৎকার সময় কেটেছে শোয়েবের। কায়েদে আজম ট্রফির গত আসরে তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৭৩.৫৭ গড়ে করেন ৭৯৯ রান। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে শিয়ালকোট স্ট্যালিয়ন্সের হয়েও ভালো খেলেন তিনি। পাকিস্তানের হয়ে ৩২টি টেস্ট ও ১৯২টি একদিনের ম্যাচ খেলেছেন শোয়েব। এই দুই ধরনের ক্রিকেটেই তার ব্যাটিং গড় ৩০ এর উপরে। এছাড়া তিনি টেস্টে ২১ ও একদিনের ম্যাচে ১৩৪টি উইকেট নেন। দেশের হয়ে ৩২টি টি-টোয়েন্টিও ম্যাচও খেলেছেন তিনি। তিনটি টেস্ট, ৩৬টি একদিনের ও ১৭টি টি-টোয়েন্টি খেলায় দলের নেতৃত্ব দেন তিনি। জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট, দু'টি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭১৮ ঘ.