ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের সিরিজ জিতে নিলেও শেষ খেলাটিকেও গুরুত্ব দিয়ে দেখছে অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজ শুরুর আগে জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় তারা। আর মান বাঁচানোর লড়াইয়ে নামবে শ্রীলঙ্কা।
এক খেলা হাতে রেখে পাঁচ ম্যাচের সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা পিছিয়ে আছে ৩-১ ব্যবধানে।
কলম্বোয় সোমবার খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা বোলারদের লড়াই করার মতো পুঁজি এনে দিতে পারেননি, অন্তত তিন খেলায়। ফলে বড় ব্যবধানে হার মানতে হয়েছে স্বাগতিকদের।
প্রথম চার ব্যাটসম্যান উপুল থারাঙ্গা, অধিনায়ক তিলকারতেœ দিলশান, মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা ছাড়া আর কারো ব্যাট খুব একটা হাসছে না। তাই স্কোর বোর্ডে বড় রান জমা করার ভিত পেলেও পরের দিকের ব্যাটসম্যানরা তা কাজে লাগাতে পারছেন না।
শুধু তৃতীয় ম্যাচে সবাই রান পেয়েছেন। সে কারণে বড় জয় পায় শ্রীলঙ্কা।
তারপরও ছোট পুঁজি নিয়ে সাধ্য মতো লড়াই করছেন শ্রীলঙ্কার বোলাররা। শুরুতেই দুই-একটি উইকেট নিয়ে দলকে ভালো সূচনা এনে দিচ্ছেন লাসিথ মালিঙ্গা। কিন্তু নুয়ান কুলাসেকারার কাছ থেকে সেভাবে সহায়তা পাচ্ছেন না। স্পিনাররা অবশ্য ভালো করছেন।
টানা তিন ম্যাচে ব্যর্থ ব্র্যাড হ্যাডিনের বদলে উদ্বোধন করতে নেমে প্রথম ম্যাচেই বাজিমাত করেন শন মার্শ। চতুর্থ ম্যাচে রানের জন্য প্রায় সব ব্যাটসম্যানকে লড়াই করতে হলেও রান করেন তিনি সহজে।
প্রথম দুই খেলায় শেন ওয়াটসন ও রিকি পন্টিং দলকে সহজ জয় এনে দিলেও শেষ দুই ম্যাচে ছিলেন নিজেদের ছায়া হয়ে। অধিনায়ক মাইকেল ক্লার্ক দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকেই।
অস্ট্রেলিয়ার পেস আক্রমণ বেশ শক্তিশালী। ব্রেট লি, ডোগ বোলিঙ্গার ও মিচেল জনসন গুড়িয়ে দিয়ে পারেন যে কোনো ব্যাটিং। স্পিনারদের কাছ থেকেও ভালো সহায়তা পাচ্ছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৫১৭ ঘ.
bdnews24