২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের মাটিতে ডিআরএস ব্যবহার করবে ভারত

দেশের মাটিতে অনুষ্ঠেয় সকল দ্বিপাক্ষিক সিরিজে সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 10:49 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের মাটিতে অনুষ্ঠেয় সকল দ্বিপাক্ষিক সিরিজে সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অস্ট্রেলিয়া সফরের আগে দেশের মাটিতে ১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত। ওই সব ম্যাচে অডিও ট্র্যাকার ও হট স্পট ইনফ্রা-রেড ক্যামেরাসহ ডিআরএস ব্যবহার করবে বিসিসিআই। এ সিদ্ধান্ত নেয়ার ফলে দেশের মাটিতে এবারই প্রথম ডিআরএস ব্যবহার করবে তারা। এর আগে ভারত ডিআরএস ব্যবহারের বিপক্ষে কঠোর অবস্থান নেয়। কিন্তু আইসিসি প্রতিটি টেস্ট ও একদিনের ম্যাচে ডিআরএস ব্যবহার বাধ্যতামূলক করায় তা মানতেই হচ্ছে ভারতকে। ভারত হোম সিজনের জন্য হট স্পট ক্যাামেরা প্রযুক্তি চেয়েছে, নিশ্চিত করেছেন বিবিজি স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ারেন ব্রেন্যান। এ প্রতিষ্ঠানটি হট স্পট ক্যামেরা প্রযুক্তি সরবরাহ করে থাকে। তিনি বলেন, "ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে পাঁচটি একদিনের ম্যাচ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টেস্টে চারটি হট স্পট ক্যামেরা ব্যবহার করবে ভারত। আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে থাকবে দুটি ক্যামেরা।" গত জুনে বার্ষিক সাধারণ সভায় আইসিসি প্রতিটি টেস্ট ও একদিনের ম্যাচে ডিআরএস ব্যবহার বাধ্যতামূলত করে। ডিআরএসে অন্তত অডিও ট্র্যাকার ও ইনফ্রা রেড ক্যামেরা থাকতেই হবে। তবে ব্যায়বহুল হওয়ায় বোর্ড ডিআরএস ব্যবহারে সমর্থ নয়। জিম্বাবুয়ে ও বাংলাদেশের চলমান সিরিজে ডিআরএস ব্যবহৃত হচ্ছে না। এ ব্যাপারে দুই দেশের বোর্ড সমঝোতায় পৌঁছেছে। ডিআরএস ব্যবহারের খরচ দিতে হয় স্বাগতিক দেশ বা প্রচারসংস্থার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬৪২ ঘ.