ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচের একদিনের সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড।
বিশ্বকাপে খেলা দলটির উপরই ভরসা রেখেছেন আয়াল্যান্ডের নির্বাচকরা। বিশ্বকাপের পর অবসর নেয়া আন্দ্রে বোথা ছাড়া ওই দলের বাকি সবাই জায়গা ধরে রেখেছেন।
গত সপ্তাহে শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের হয়ে খেলা বয়েড র্যাঙ্কিন থাকছেন পেস আক্রমণের দায়িত্বে। হাঁটুর চোট কাটিয়ে উঠা ট্রেন্ট জনসনকে সঙ্গী হিসেবে পাচ্ছেন তিনি। কনুইয়ের চোট কাটিয়ে উঠেছেন অফস্পিনার ভ্যান ডার মারউই।
পূর্ণ শক্তির দল পেয়ে বেশ খুশি আয়ারল্যান্ডের কোচ ফিল সিমন্স। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচকে গ্রীষ্মে আয়ারল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে বর্ণনা করেছেন তিনি।
ভারতের বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্ট শেষে ২৫ অগাস্ট আয়ারল্যান্ডের বিপক্ষে ডাবলিনে একদিনের ম্যাচ খেলবে ইংল্যান্ড।
ম্যাচে ভালো করার ব্যাপারে আশাবাদী সিমন্স। তিনি বলেন, "এটি হবে একটি ঐতিহাসিক ম্যাচ। ডাবলিনে প্রথমবারের মতো আমরা তাদের বিপক্ষে খেলবো। আশা করি সমর্থকদের আমরা আনন্দের অনেক উপলক্ষ্য এনে দিতে পারবো।"
তিনি বলেন, "আমি নিশ্চিত ইংল্যান্ড এখানে প্রতিশোধ নিতে আসবে। বিশ্বকাপের ওই পরাজয় তারা ভুলেনি। তবে আয়ারল্যান্ডকে হাল্কাভাবে নেয়ার দিন ফুরিয়েছে। গত এক দশকে আমরা পারফরম্যান্স দিয়ে তাদের সম্মান আদায় করে নিয়েছি।"
ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দারুণ খেলা ইংল্যান্ডকে দেশের মাটিতে থামাতে চান আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পর্টারফিল্ড। তিনি বলেন, "আয়ারল্যান্ড ক্রিকেটের সঙ্গে জড়িত সবাই এ ম্যাচের দিকে তাকিয়ে আছে। পাঁচ মাস ধরে আমরা এর জন্য অপেক্ষা করছি।"
তিনি বলেন, "আমরা গায়ের সঙ্গে সেঁটে থাকা অপেশাদার তকমা মুছে ফেলতে চাই। আমাদের আটজন ক্রিকেটার কাউন্টি ক্রিকেটে খেলছেন। সেখানে তারা ধারাবাহিকভাবে ভালো করছেন।"
তিনি বলেন, "দুজন ছাড়া দলে বাকি সবার আয়ের উৎস ক্রিকেট। পুরো সময় আমরা ক্রিকেট নিয়েই কাটাই। গত কয়েক বছরে আমাদের ক্রিকেটের মান বেশ বেড়েছে। দলের প্রায় সবাই অভিজ্ঞ। দলের নয়জন ক্রিকেটার একশ'র বেশি ম্যাচ খেলেছে। গত মাসে উনিশে পা রাখা জর্জ ডকরেলও খেলেছেন ৪৬টি ম্যাচ। ২১ বছর বয়সী পল স্টারলিং খেলেছেন ৮১ ম্যাচ।
তিনি বলেন, "আমরা জানি চমক দেখানো দিন শেষ। সবাই এখন আমাদের কাছ থেকে ভালো ক্রিকেট আশা করে। আমি আত্মবিশ্বাসী, ভালো ক্রিকেট খেলার সামর্থ্য আমাদের রয়েছে। তবে ভারতের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলা ইংল্যান্ডকে থামানো সহজ হবে না।"
দল: উইলিয়াম পর্টারফিল্ড (অধিনায়ক), অ্যালেক্স কুস্যাক, নিল ও'ব্রায়ান, কেভিন ও'ব্রায়ান, জর্জ ডকরেল, ট্রেন্ট জনস্টন, নাইজেল জোনস, জন মুনি, বয়েড র্যাঙ্কিন, পল স্টারলিং, অ্যালবার্ট ভ্যান দার-মারউই, গ্যারি উইলসন (উইকেটরক্ষক), অ্যান্ড্রু হোয়াইট ও এড জয়েস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯২৯ ঘ.
bdnews24