ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিলকারেতœ দিলশানের উপরই ভরসা রেখেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। চলতি বছরের শেষ নাগাদ সব ফরম্যাটের ক্রিকেটে দলের নেতৃত্বে থাকছেন তিনি।
ক্রীড়ামন্ত্রী মহেন্দ্র আলতোগামাগের অনুমোদন নিয়ে এই ঘোষণা দিয়েছে এসএলসি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অন্তত দুটি টেস্টে দলকে নেতৃত্ব দেবেন তিনি। ডিসেম্বরে খেলবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর নেতৃত্ব থেকে কুমার সাঙ্গাকারা সরে দাঁড়ানোর পর অধিনায়কত্ব পান দিলশান।
তবে ইংল্যান্ড সফরে টেস্ট ও একদিনের সিরিজ হারের পর অধিনায়ক হিসেবে দিলশানের ভবিষ্যত নিয়ে প্রশ্ন ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের চলতি একদিনের সিরিজেও ২-১ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিকরা। নিজেকে প্রমাণ করতে সিরিজে এখনো দুটি ম্যাচ পাচ্ছেন দিলশান।
টেস্ট ও একদিনের ক্রিকেটে ততটা সাফল্য না পেলেও টি-টোয়েন্টিতে ভালো করছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি জেতার পর দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা।
দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত ব্যাট হাতে মিশ্র অভিজ্ঞতা হয়েছে দিলশানের। ইংল্যান্ড সফরে প্রথম দুই ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেও চোটের কারণে খেলতে পারেননি তৃতীয় টেস্টে। তার বদলে দলকে নেতৃত্ব দেন কুমার সাঙ্গাকারা।
চোট কাটিয়ে ফেরার পর নিজের সেরাটা খেলতে পারছিলেন না তিনি। ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে দু'অঙ্কের কোঠায়ও পৌঁছতে পারছিলেন না।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে শতরান তুলে নিয়ে ফর্মে ফেরার আভাস দেন। একদিনের সিরিজেও রান পাচ্ছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮১৫ ঘ.
bdnews24