২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমি বিভ্রান্ত ছিলাম: দ্রাবিড়

এজবাস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে জেমস অ্যান্ডাসনের বল তার ব্যাটে লেগেছিল কী না সে ব্যাপারে পুরোপুরি বিভ্রান্ত ছিলেন বলে জানিয়েছেন রাহুল দ্রাবিড়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এজবাস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে জেমস অ্যান্ডাসনের বল তার ব্যাটে লেগেছিল কী না সে ব্যাপারে পুরোপুরি বিভ্রান্ত ছিলেন বলে জানিয়েছেন রাহুল দ্রাবিড়। তিনি বলেন, "আমি পুরেপুরি বিভ্রান্ত ছিলাম। বুঝতে পারছিলাম না বল কোথায় লেগেছে।" তবে ওই বল তাকে অতিক্রম করে যাওয়ার সময় একটা শব্দ শুনেন দ্রাবিড়। একই শব্দ আম্পায়ার সাইমন টোফেলের কানেও যায়। তিনি দ্রাবিড়কে আউট ঘোষণা করেন। দ্রাবিড় সিদ্ধান্ত পর্যালোচনার কথা ভাবলেও অন্য প্রান্তে দাঁড়ানো শচীন টেন্ডুলকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত মেনে মাঠ ছাড়েন। সাজঘরে ফিরেই দ্রাবিড় আউটের দৃশ্য দেখতে চান। শেষ পর্যন্ত বুঝতে পারেন বল লেগেছিল তার জুতার ফিতায়! দেখার পর থেকে দ্রাবিড়ের আফসোস আর কাটছে না। তিনি বলেন, "প্রথম প্রতিক্রিয়ায় জানতাম বলে মারিনি। তবে বেশ শব্দ হয়েছিল। তবে শব্দের উৎস বের করতে পারিনি। আমি জানতাম মাটি, প্যাড বা জুতায় ব্যাট লাগেনি। সে কারণে বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম, তাহলে শব্দ হল কেন? তাই আমি পার্টনারকে জিজ্ঞেস করলাম। তিনি বললেম, তিনিও শব্দ শুনেছেন। আমি আর পার্টনার দুজনই শব্দ শুনেছি, তার উপর সিদ্ধান্ত দিয়েছেন বিশ্ব সেরা আম্পায়ারদের একজন সাইমন টোফেল। তাই শেষ পর্যন্ত ধরে নিয়েছিলাম কোনোভাবে ব্যাটের কানায় বল লেগেছে।" তিনি বলেন, "সাজঘরে ফিরেই আমি আউটের দৃশ্যটি দেখতে চেয়েছিলাম। আমি জানতে চেয়েছিলাম বল কোথায় লেগেছিল। আমি ভাবতেও পারিনি বল জুতার ফিতায় লেগেছিল।" দ্রাবিড় বলেন, "আমি ভালো ব্যাট করছিলাম। শচীনও অসাধারণ খেলছিলেন। আমরা আরো কিছুক্ষণ খেলতে পারলে গল্পটা অন্য রকম হতে পারতো। বিশেষ করে লাঞ্চের পর অ্যান্ডারসন বোলিং আক্রমণ থেকে সরে গেলে আমরা আরো লড়াই করতে পারতাম।" দ্রাবিড় ভারতের এবারের ইংল্যান্ড সফর বিভিন্ন কারণের যোগফলে কঠিন হয়েছে বলে মনে করছেন। তিনি বলেন, "পিচগুলো সুইং বোলিংয়ের জন্য আদর্শ। এছাড়া ইংল্যান্ডের বোলাররা দারুণ খেলছেন। তারা সঠিক লাইন ও লেন্থে বল করেছেন।" তিনি বলেন, "এবার ইংল্যান্ড ভালো করবে জানতাম। তবে ভেবেছিলাম আমরা তাদের চেয়েও ভালো করবো।" শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণসহ ভারতের ব্যাটসম্যানরা ইংল্যান্ডে ব্যর্থ হলেও ৬ ইনিংসে ২টি শতক তুলে নিয়েছেন দ্রাবিড়। ৩-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়লেও শেষ ম্যাচে ভারত জয় তুলে নেবে বলে মনে করছেন তিনি। তিনি বলেন, "সবচেয়ে ভালো হতে গেলে যে কন্ডিশনে তুমি ভালো করো না সেখানেও ভালো খেলতে হবে। ইংল্যান্ড ভারতে জেতে না ২৭ বছর ধরে তাদের সেটা করতে হবে। আশা করি আমরা তাদের সেখানে আটকে দিতে পারবো।" ২০১২ সালের শেষ দিকে ইংল্যান্ড ভারত সফর করবে। তিনি বলেন, "শেষ ম্যাচে আমরা জেতার জন্যই খেলবো। আমাদের লক্ষ্য শীর্ষস্থান ফিরে পাওয়া। প্রতিটি টেস্ট ওই লক্ষ্য নিয়েই খেলতে নামবো।" বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯২৪ ঘ.