ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ক্রিকেট ২০১৫ বিশ্বকাপের সাংগঠিক কমিটির চেয়ারম্যান হিসেবে জেমস স্ট্রংয়ের নাম ঘোষণা করেছে।
২০১৫ সালের বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এর আগে ১৯৯২ সালের আসরেরও যৌথ আয়োজক ছিল তারা।
স্ট্রং রিটেল চেইন উলওর্থস লিমিটেডে এর চেয়ারম্যান। একই সঙ্গে তিনি কান্তাস এয়ারওয়েজের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর ও কাঠমান্ডু হোল্ডিংস এর চেয়ারম্যান। এছাড়া অস্ট্রেলিয়ার কাউন্সিল অব আর্টেরও চেয়ারম্যান তিনি।
স্ট্রং এর নেতৃত্বে একটি কমিটি ২০১৫ বিশ্বকাপ আয়োজন ও বাস্তবায়ন করবে। স্ট্রং কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগ দেবেন। ওই কমিটিতে দুই দেশের ক্রিকেট বোর্ডের দুজন কর্মকর্তা থাকবেন। তবে প্রয়োজনে আরো নিয়োগ দেয়ার সুবিধাও থাকছে।
দায়িত্ব পাওয়ার পর স্ট্রং বলেন, "অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠেয় ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত।"
তিনি বলেন, "খেলাধুলার বড় ধরনের ইভেন্ট সাফল্যের সঙ্গে আয়োজনের গৌরবজনক অতীত দেশ দুটির রয়েছে। ক্রিকেট নিয়ে দেশ দুটিতে যথেষ্ট আগ্রহ রয়েছে।"
স্ট্রং বলেন, "একদিনের ক্রিকেটের জন্য ২০১৫ বিশ্বকাপ সবচেয়ে বড় আসর। আশা করি প্রতিযোগিতা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।"
তিনি বলেন, "আমরা একটি দুর্দান্ত বিশ্বকাপ উপহার দিতে চাই। আশা করছি ম্যাচগুলোও এমন রোমাঞ্চিত করবে। আমরা সাধারণ মানুষের স্বপ্নকে ধারণ করে পুরো ক্রিকেট বিশ্বে ছড়িয়ে দিতে চাই।"
শুধু একজন ব্যবসায়ীই নন স্ট্রং। খেলাধুলার সঙ্গে বেশ ভালো ভাবেই জড়িত তিনি। অস্ট্রেলিয়ার গ্রাঁ প্রি কর্পোরেশন বোর্ডের একজন সদস্য তিনি। এটিই দেশটিতে এফ-১ গ্রাঁ প্রি এবং অস্ট্রেলিয়ার মটর সাইকেল গ্রাঁ প্রি আয়োজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭১২ ঘ.
bdnews24