২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে সহজ প্রতিপক্ষ নয়: মিসবাহ

জিম্বাবুয়েকে হাল্কাভাবে নিচ্ছেন না পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 10:19 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়েকে হাল্কাভাবে নিচ্ছেন না পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। ছয় বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে এলেও কঠিন প্রতিপক্ষ হিসেবেই জিম্বাবুয়েকে দেখছেন মিসবাহ। জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে সোমবার থেকে অনুশীলন শুরু করেছে পাকিস্তান। অনুশীলনের পর এক সংবাদ সম্মেলনে মিসবাহ সতীর্থদের সতর্ক করে দিয়ে বলেন, জিম্বাবুয়ে সফর সহজ হবে না। তিনি বলেন, "বর্তমান সময়ে কেউ সহজ প্রতিপক্ষ নয়। কাউকে হাল্কাভাবে নেয়া যায় না। জিম্বাবুয়ে সফর সহজ হবে বলে আমি মনে করি না।" খেলোয়াড়রা জিম্বাবুয়েকে হাল্কাভাবে নিয়ে সহজ সিরিজ আশা করলে বোকামী করবে বলে মন্তব্য করেন মিসবাহ। তিনি বলেন, "জিম্বাবুয়ে দল হিসেবে পরিণত। বাংলাদেশের বিপক্ষে দেশের মাটিতে চলমান সিরিজে তারা খুব ভালো খেলছে। এটাকে জেগে উঠার বার্তা হিসেবে দেখতে পারেন। দলটি নিজেদের শক্ত প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।" ২৫ অগাস্ট থেকে পাকিস্তানের জিম্বাবুয়ে সফর শুরু হচ্ছে। চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। সফরে তারা জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট, দুটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে। এক প্রশ্নের জবাবে পাকিস্তানের অধিনায়ক বলেন, "দল খুবই 'ব্যালান্স'। দল নিয়ে কোনো বিতর্ক নেই। আমরা খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে যাচ্ছি না। যারা ভালো করেছেন তারাই দলে এসেছেন।" নতুন খেলোয়াড়রা জিম্বাবুয়ে সফরে ভালো করে নিজেদের জায়গা পাকা করার সুযোগ কাজে লাগাবে বলে মনে করছেন তিনি। তিনি বলেন, "নতুন খেলোয়াড়দের নিজেদের জায়গা পাকা করার এটা একটা বড় সুযোগ। আশা করি তারা এই সুযোগ কাজে লাগাতে পারবেন।" এদিকে পাকিস্তানের নতুন ম্যানেজার নাভীদ আকরাম চিমা বলেন, "দলের খেলোয়াড়দের নতুন শৃঙ্খলা নীতিমালা গ্রহণ করা হয়েছে। অনুশীলন ক্যাম্প থেকেই এগুলো কার্যকর হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬১৬ ঘ.