২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা তেতে আছে: হাসি

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজ জয় পেলেও দ্বিতীয় ম্যাচেই স্বাগতিকরা জ্বলে উঠবে বলে মনে করছেন মাইক হাসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 11:02 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজ জয় পেলেও দ্বিতীয় ম্যাচেই স্বাগতিকরা জ্বলে উঠবে বলে মনে করছেন মাইক হাসি। পাঁচ ম্যাচের একদিনের সিরিজে প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। রোববার হাম্বানটোটায় দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল তিনটায়। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হারের পর অস্ট্রেলিয়া শিবিরে স্বস্তি এনে দেয় ৭ উইকেটের ওই জয়। তবে দ্বিতীয় ম্যাচে ওই রকম সহজ জয় প্রত্যাশা না করতে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন হাসি। তিনি বলেন, "টি-টোয়েন্টি সিরিজে বাজেভাবে হারার পর একদিনের সিরিজে ভালো শুরু গুরুত্বপূর্ণ ছিল। ওই জয়ের ফলে শ্রীলঙ্কার আত্মবিশ্বাস ছিল আকাশ ছোঁয়া। সে কারণে আমাদের জন্য ভালো শুরু খুব দরকার ছিল।" দ্বিতীয় ম্যাচে স্বাগতিকরা সমতা ফেরাতে মরিয়া হয়ে থাকবে বলে মনে করছেন হাসি। তিনি বলেন, "আমাদের সতর্ক থাকতে হবে। কারণ, প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে সমতা ফেরাতে কঠোর লড়াই করবে শ্রীলঙ্কা।" চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম একদিনের ম্যাচ না খেলা লাসিথ মালিঙ্গা খেলতে পারেন দ্বিতীয় ম্যাচে। তাকে নিয়ে ভাবছে অস্ট্রেলিয়া। হাসি বলেন, "তিনি একজন দারুণ বোলার। তিনি নতুন বলে দ্রুত উইকেট নিতে পারেন, এটা তাকে বিপদজনক বোলারে পরিণত করেছে। অবশ্য নতুন-পুরনো দুই বলেই তিনি ভালো বল করেন।" শ্রীলঙ্কার একদিনের দলে মালিঙ্গাকে গুরুত্বপূর্ণ সদস্য মানছেন হাসি। তিনি বলেন, "একদিনের ক্রিকেটে মালিঙ্গা কার্যকর একজন বোলার। শ্রীলঙ্কার একদিনের দলে তিনি একজন গুরুত্বপূর্ণ সদস্য।" মালিঙ্গা ফেরায় শ্রীলঙ্কার বোলিং আক্রমণের ধার আরো বাড়বে বলে তিনি মনে করছেন। তিনি বলেন, "দু'জন উঁচুমানের স্পিনারের সঙ্গে মালিঙ্গাও যোগ দিলে শ্রীলঙ্কার বোলিং আক্রমণ আরো ধারালো হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬৫৮ ঘ.