২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সমতা ফেরানোর ম্যাচ

প্রথম একদিনের ম্যাচে বাজে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। আর ব্যবধান বাড়িয়ে নিতে চায় স্বাগতিক জিম্বাবুয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2011, 09:12 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম একদিনের ম্যাচে বাজে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। আর ব্যবধান বাড়িয়ে নিতে চায় স্বাগতিক জিম্বাবুয়ে। রোববার হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় দ্বিতীয় একদিনের ম্যাচের খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর আগে শুক্রবার প্রথম একদিনের ম্যাচে হেরে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে সফরকারীরা। একমাত্র টেস্টে ১৩০ রানে হারানোর পর প্রথম একদিনের ম্যাচেও বাংলাদেশকে লজ্জা দিয়েছে স্বাগতিকরা। রুবেল হোসেনের একক লড়াইয়ে শেষ পর্যন্ত ব্যবধান কমিয়ে ৪ উইকেটে হারলেও জিম্বাবুয়ের কাছে সব বিভাগেই পর্যুদস্ত হয় সাকিব বাহিনী। বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যানের কাছে এক রকম দুর্বোধ্য ছিলেন ব্রায়ান ভিতোরি ও ক্রিস্টোফার এমপুফো। প্রথম দিকের ওভার গুলোয় রান তুলতে তাদের রীতিমত সংগ্রাম করতে হয়েছে। নিজের প্রথম একদিনের ম্যাচ খেলতে নামা ভিতোরিকে শেষ পর্যন্ত পড়তে পারেন নি টপ ও মিডল-অর্ডারের ব্যাটসম্যানরা। বাঁ-হাতি ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক হয়ে উঠেছেন তিনি। বাংলাদেশের প্রথম ছয় ব্যাটসম্যানের চার জনই বাঁ-হাতি হওয়ায় শঙ্কাটা আরো বেড়েছে। এল্টন চিগুম্বুরা ও হ্যামিল্টন মাসাকাদজা থাকায় জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলরের খুব সুবিধা হয়েছে। এতে তিনজন করে পেসার ও স্পিনার খেলাতে পারেন তিনি। প্রথম ম্যাচে ওই সুবিধা নিয়েই বাজিমাত করেছেন তিনি। চিগুম্বুরা থাকায় স্পিনারদের অনেক দেরিতে আনতে হয়েছে তার। আর রে প্রাইস ও প্রসপার উৎসেয়াকে বাংলাদেশের ব্যাটসম্যানরা সহজে খেলায় বৈচিত্র আনতে ব্যবহার করেছেন মাসাকাদজাকে। ৩ ওভারের ছোট স্পেলেই তিনি খেলার মোড় ঘুরিয়ে দেন। ৪০তম ওভারের শেষ বলে সাকিবকে ফিরিয়ে দিয়ে তিনিই জিম্বাবুয়েকে দারুণ সুবিধাজনক অবস্থানে নিয়ে যান। জিম্বাবুয়ের ব্যাটসম্যানরাও আছেন ছন্দে। ভুসি সিবান্দাকে থামাতে বেশ বেগ পেতে হচ্ছে বাংলাদেশের বোলারদের। বাংলাদেশের বিপক্ষে বরাবরই ভালো খেলেন টেলর, তাতেন্দা তাইবু, মাসাকাদজা ও চিগুম্বুরা। আর এবার বাধা হয়ে দাঁড়িয়েছেন ফরস্টার মুতিজওয়া। প্রথম ম্যাচের পরাজয়ে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে বাংলাদেশের খেলোয়াড়দের। পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে বদ্ধপরিকর দলের খেলোয়াড়রা। ভালো শুরু না হওয়ায়ই পরের দিকের ব্যাটসম্যানরা চাপে পড়ে যান। তামিম ইকবাল ও ইমরুল কায়েস ছন্দেই আছেন কিন্তু প্রথম ম্যাচে নিজেদের স্বাভাবিক খেলা তারা খেলতে পারেন নি। পারেন নি শাহরিয়ার নাফীস ও মাহমুদুল্লাহ রিয়াদও। টেস্টে ভালো খেললেও প্রথম ম্যাচে ব্যর্থ হন আশরাফুল। প্রথম ম্যাচে দলকে টেনেছেন সাকিব ও মুশফিকুর রহীম। তারা জিম্বাবুয়ের বিপক্ষে ষষ্ঠ উইকেটে রেকর্ড ১০৫ রানে জুটি গড়লেও শেষ রক্ষা করতে পারেন নি। দু জনের যে কোনো একজন শেষ পর্যন্ত খেলতে পারলে খেলার ফল অন্য রকমও হতে পারতো। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের স্পিনাররা বরাবরই ভালো করেন। আর তিন বাঁ-হাতি স্পিনার খেলানো বাংলাদেশের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। প্রথম ম্যাচেও তাই খেলানো হল। কিন্তু সাকিব, রাজ্জাক ও সোহরাওয়ার্দী শুভ কেউ তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারেন নি। যা করার একাই করেছেন পেসার রুবেল। কিন্তু অন্য পেসার শফিউল ইসলামকে সেভাবে ব্যবহারই করেন নি সাকিব। শুভর বদলে তৃতীয় একজন পেসার খেলানো হলে হারারের উইকেটকেও কাজে লাগাতে পারবেন বাংলাদেশের বোলাররা। এ পর্যন্ত জিম্বাবুয়েতে পাঁচটি একদিনের সিরিজ খেলেছে বাংলাদেশ। ২০০০-০১ মৌসুমে প্রথম জিম্বাবুয়ে সফরে ৩ ম্য্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে হারে বাংলাদেশ। ২০০৩-০৪ মৌসুমে নিজেদের দ্বিতীয় সফরে ৫ ম্যাচের সিরিজ হারে ২-১ ব্যবধানে। হার মানতে হয় তৃতীয় সিরিজেও। ২০০৬ সালে ৫ ম্যাচর সিরিজ হারে ৩-২ ব্যবধানে। কিন্তু ২০০৬-০৭ মৌসুমে নিজেদের চতুর্থ সফরে ৩-২ ব্যবধানে সিরিজ জেতে সফরকারীরা। ২০০৯ সালে ৪ ম্যাচের সিরিজও জিতে নেয় ৩-১ ব্য্যবধানে। জিম্বাবুয়েতে এ পর্যন্ত ২১টি ম্যাচ খেলেছে দল দুটি। এর মধ্যে জিম্বাবুয়ে জিতেছে ১২টিতে আর বাংলাদেশের জয় ৯ ম্যাচে। সব মিলিয়ে দু দল খেলেছে ৫২টি ম্যাচ। এতে বাংলাদেশের জয় ২৮ খেলায় অন্য দিকে জিম্বাবুয়ের জয় ২৪ খেলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৪৪৮ ঘ.