ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এজবাস্টন টেস্টে ভালো কিছু করতে হলে ভারতকে নেপিয়ার টেস্টের মতো খেলতে হবে বলে মনে করছেন উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভির।
২০০৯ সালের মার্চে আড়াই দিন ব্যাট করে নেপিয়ার টেস্ট বাঁচিয়েছিল ভারত। খেলায় ৪৩৬ বলে ১৩৭ রান করেন গম্ভির।
এজবাস্টনে দ্বিতীয় দিন শেষে প্রথম পালায় ২৩২ রানে পিছিয়ে আছে সফরকরীরা। এক সংবাদ সম্মেলনে গম্ভির স্বীকার করেন, "ভারত এ মুহূর্তে বেশ চাপে আছে। আর চালকের আসনে রয়েছে ইংল্যান্ড।"
"আমরা প্রত্যাশা ও সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। এ কথা আমি স্বীকার করছি" যোগ করেন তিনি।
ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র প্রভিন কুমারই স্বগতিক ব্যাটসম্যানদের কিছুটা চাপে রাখতে পেরেছেন। অন্য তিন বোলার ইশান্ত শর্মা, শান্তাকুমারন শ্রীশান্ত ও অমিত মিশ্র কিছুই করতে পারেননি। তারা যাও কয়েকবার সুযোগ তৈরি করে দিয়েছিলেন সেগুলো নষ্ট করেন ফিল্ডাররা।
দ্বিতীয় দিন সব মিলিয়ে চারটি ক্যাচ ছেড়েছেন তারা। নিরাপদ হাত হিসেবে পরিচিত রাহুল দ্রাবিড়ের হাত থেকেই ছুটে গেছে দু'টি। অ্যালিস্টার কুকের ক্যাচ বেরিয়ে গেছে শচীন টেন্ডুলকারের হাত থেকে। 'গ্রাউন্ড ফিল্ডিং'য়েও যাচ্ছে তাই অবস্থা।
তবে কোনো অজুহাত দেখানোর চেষ্টা করেননি গম্ভির। বলেন, "ক্যাচ ফেলে দেয়া ক্রিকেটেরই অংশ। কিন্তু কেন এমনটা ঘটে তা আমি বলতে পারবো না।"
পুরো সিরিজে ভালো খেলার জন্য ইংল্যান্ডের প্রশংসা করতে অবশ্য ভোলেননি গম্ভির। তিনি বলেন, "তারা শুধু ভালোই খেলেনি, যখন যা করার তখন তাই করেছে। কিন্তু আমরাও সুযোগ পেয়েছি। কিন্তু কাজে লাগাতে পারিনি। ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ড ১২৪ রানে ৮ উইকেট হারিয়েছিল।" একে চমৎকার একটা সুযোগ বলে তিনি উল্লেখ করেন।
ইংল্যান্ডের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন গম্ভির। তিনি বলেন, "কুক দারুণ ব্যাট করেছেন। তার মধ্যে ছিল দৃঢ়সংকল্প ও ধৈর্য্য। একেই বলে টেস্ট-ব্যাটিং।"
তবে এজবাস্টন টেস্ট নিয়ে এখনো আশা ছাড়ছেন না গম্ভির। ভারতের ম্যাচ বাঁচানোর সম্ভানা এখনো আছে বলে মনে করেন তিনি। বলেন, "নেপিয়ারে আমরা আড়াই দিন ব্যট করে ম্যাচ বাঁচিয়েছিলাম। এটাই আমাদের প্রেরণা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৫০২ ঘ.
bdnews24