ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে লজ্জাজনক হার উপহার দেয়ায় নেতৃত্ব দেয়া ফস্টার মুতিজওয়া টেস্ট দলে জায়গা না পেলেও একদিনের সিরিজে দলে ডাক পেয়েছেন।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের জন্য ঘোষিত দলে সে অর্থে কোনো চমক নেই। অধিনায়ক ব্রেন্ডন টেলর ও হ্যামিল্টন মাসাকাদজা 'টপ অর্ডার' সামলাবেন। রেগিস চাকবভা ও মুতিজওয়া দেখবেন দলের 'মিডল অর্ডার'।
শুক্রবার হারারেতে শুরু হচ্ছে একদিনের সিরিজ।
তিন পেসার খেলানোয় টেস্টে দলে ছিলেন না প্রসপার উৎসেয়া। রে প্রাইসের সঙ্গে আবারো জুটি বাধবেন তিনি। অন্য স্পিনার গ্রেম ক্রেমার হাঁটুর চোট কাটিয়ে সুস্থ হলেও দলে ডাক পান নি।
১৫ সদস্যের দলে না থাকলেও টেস্টে ভালো খেলা টিনো মায়োয়ো স্কোয়াডের সঙ্গেই থাকবেন। দলে সঙ্গে থাকছেন টেন্ডাই চাটারাও।
বাংলাদেশের বিপক্ষে খেলা টেস্ট দলটির তুলনায় পরিবর্তন খুব বেশি না হলেও বিশ্বকাপ স্কোয়াডের দল থেকে এবার ছয়টি পরিবর্তন এনেছেন নির্বাচকরা। বাদ পড়াদের মধ্যে রয়েছেন চার্লস কভেন্ট্রিও।
অন্য দিকে মুতিজওয়া ও ম্যালকম ওয়ালার দলে ফিরে এসেছেন। দুজনের কেউ অবশ্য ২০০৯ সাল থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেন নি। বিশ্বকাপ দলে না থাকা কাইল জার্ভিস, মাসাকাদজা ও ব্রায়ান ভিতোরিও দলে জায়গা করে নিয়েছেন।
দল: ব্রেন্ডন টেলর (অধিনায়ক), রেগিস চাকাবভা, হ্যামিল্টন মাসাকাদজা, ক্রেগ ইরভিন, ম্যালকম ওয়ালার, ফস্টার মুতিজওয়া, ভুসি সিবান্দা, প্রসপার উৎসেয়া, রে প্রাইস, ততেন্দা তাইবু, এল্টন চিগুম্বুরা, কেগান মিথ, ক্রিস এমপোফু, কাইল জার্ভিস ও ব্রায়ান ভিতোরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৩০ ঘ.
bdnews24