ঢাকা, অগাস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোট কাটিয়ে উঠতে না পারায় এজবাস্টনে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টেও খেলা হচ্ছে না ক্রিস ট্রেমলেটের।
হ্যামস্ট্রিং ও পিঠের এই চোটর কারণে খেলেন নি ট্রেন্টব্রিজ টেস্টে।
বুধবার থেকে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টের জন্য ঘোষিত ১৩ সদস্যের দলে আছেন ট্রেমলেট। কিন্তু চোটের কারণে সোম ও মঙ্গলবার অনুশীলনই করতে পারেন নি তিনি। সে কারণে তৃতীয় টেস্টে তার খেলার সম্ভবনা নেই বললেই চলে।
ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি) তার চোটের ব্যাপারে জানিয়েছে, "চতুর্থ টেস্টকে সামনে রেখে তার চিকিৎসা শুরু হয়েছে।"
লর্ডসে প্রথম টেস্টের শেষদিকে হ্যামস্ট্রিং চোটে পড়েন ট্রেমলেট। ট্রেন্টব্রিজে দ্বিতীয় টেস্টের আগের দিন অনুশীলনের সময় পিঠে ব্যাথা পান তিনি।
এজবাস্টন টেস্ট শেষ হওয়ার তিন দিন পর ওভালে চতুর্থ ও শেষ টেস্টের আগে তিনি খেলার মতো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন কী না সে ব্যাপারে যথেষ্ঠ সন্দেহ রয়েছে।
এতে অবশ্য লাভবান হচ্ছেন টিম ব্রেসন্যান। ট্রেন্টব্রিজে ব্যাট-বল হাতে আলো ছড়ালেও ট্রেমলেট ফিরলে বাদ পড়তে হতো তারই। ট্রেমলেটের চোটের সুবাদে আরো একটি ম্যাচে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি।
দলে চতুর্থ পেসার হিসেবে স্টিভেন ফিন রয়েছেন। তবে তার না খেলার সম্ভাবনাই বেশি।
চার ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ড এজবাস্টনে জিতলেই আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮০৯ ঘ.
bdnews24