২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের সিরিজে ঘুরে দাঁড়াব: সাকিব

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট হারলেও একদিনের সিরেজে ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট হারলেও একদিনের সিরেজে ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। স্বেচ্ছা নির্বাসন থেকে ফিরে প্রায় ছয় বছর পর টেস্ট খেলতে নেমে সব বিভাগেই বাংলাদেশকে টেক্কা দিয়ে ১৩০ রানে ম্যাচ জিতে নেয় জিম্বাবুয়ে। ১৪ মাস পর টেস্ট খেলতে নেমে জিম্বাবুয়ের হাতে জয় এক রকম তুলেই দেয় সফরকারীরা। ভালো খেলেনি বাংলাদেশ সংবাদ সম্মেলনে মেনে নেন সাকিব। তিনি বলেন, "হারের কারণ বাজে ক্রিকেট খেলা। প্রথম দিন থেকেই আমরা ভালো খেলিনি।" ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজেদের দুর্বলতাগুলো ধরে সাকিব বলেন, "উইকেট ভালো ছিল কিন্তু আমরা ভালো ব্যাটিং করিনি। পাশাপাশি বোলিংও ভালো হয়নি।" বোলিংয়ের সমালোচনা করলেও বাজে হারের কারণ হিসেবে ব্যাটিংকেই দায়ী করছেন। তিনি বলেন, "আমরা দেশের মাটিতে ভালো প্রন্তুতি নিয়েছিলাম। প্রথম ইনিংসে আমাদের আরো বেশি রান করা দরকার ছিল। আর দ্বিতীয় ইনিংসে আরো ধৈর্য্য নিয়ে ব্যাট করা প্রয়োজন ছিল।" লক্ষ্য কঠিন হলেও জয়ের লক্ষেই বাংলাদেশে খেলেছে বলে মনে করেন সাকিব। তিনি বলেন, "জয়ের লক্ষ্যেই খেলেছি আমরা। তবে প্রথম দুই সেশনে দেখেশুনে খেলার পরিকল্পনা ছিল। তাহলে তৃতীয় সেশনে বোলারদের উপর চড়াও হওয়া যেত।" জয়ের জন্য অবশ্য জিম্বাবুয়ের প্রশংসা করতে কার্পণ্য করেন নি সাকিব। তিনি বলেন, "জিম্বাবুয়ে ভালো ক্রিকেট খেলেছে। তাদের এখনকার দলটি বেশ সুশৃঙ্খল।" একমাত্র টেস্ট হেরে গেলেও পাঁচ ম্যাচের একদিনের সিরিজে নিজেদের সেরাটাই খেলতে চান সাকিব। তিনি বলেন, "আশা করছি একদিনের সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলবো।" একদিনের সিরিজে ভােেলার করার প্রত্যাশা জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলরেরও। তিনি বলেন, "এ সময়ে এমন একটা জয়ই আমাদের খুব প্রয়োজন ছিলো। আশা করছি একদিনের সিরিজেও আমরা ভালো করবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৫১ ঘ.