ঢাকা, অগাস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি ও কামরান আকমলের সঙ্গে চুক্তি করছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চলতি মৌসুমে পিসিবির কেন্দ্রীয় চুক্তিভূক্ত খেলোয়াড়দের প্রকাশিত তালিকায় নেই এই দু'জনের নাম। তবে ২০০৯-১০ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে শৃঙ্খলা না মেনে চলার কারণে নিষিদ্ধ ইউনুস খান এবার ফিরেছেন চুক্তির আওতায়। তিনি রয়েছেন 'এ' শ্রেণীতে। গত বছর তার সঙ্গে চুক্তি করেনি পিসিবি।
এ শ্রেণীর অন্য ক্রিকেটাররা হলেন অধিনায়ক মিসবাহ-উল-হক, অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ, স্পিনার সাঈদ আজমল, আব্দুর রেহমান এবং উমর গুল। গতবারও গুল ছিলেন এই শ্রেণীতে।
বোর্ডের সঙ্গে খারাপ সম্পর্কের কারণে আফ্রিদিকে যে চুক্তির আওতায় আনা হবে না তা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। তালিকা প্রকাশের পর তা সত্যি হলো।
উমর আকমল ও উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান ফারহাত রয়েছেন বি শ্রেণীতে। তাদের সঙ্গী হয়েছেন আব্দুল রাজ্জাক, আসাদ শফিক ও ওয়াহাব রিয়াজ।
'স্পট ফিক্সিং'র দায়ে নিষিদ্ধ সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমের চুক্তির আওতায় নেই। নেই শোয়েব মালিক ও মোহাম্মদ ইউসুফও।
সি শ্রেণীতে রয়েছেন তানভির আহমেদ, আদনান আকমল, ইয়াসির শাহ, সোহেল খান, আজিজ চিমা ও রমিজ রাজা।
চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯৩৯ ঘ.
bdnews24