২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের সিরিজ হারালো বিসিবি একাডেমি

টানা দুই ম্যাচ হেরে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট একাডেমির কাছে একদিনের সিরিজ হারালো জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা দুই ম্যাচ হেরে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট একাডেমির কাছে একদিনের সিরিজ হারালো জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি। প্রথম একদিনের খেলার মতো দ্বিতীয় একদিনের ম্যাচেও বিসিবি একাডেমি হার মানে ৬ উইকেটে। এ জয়ের ফলে তিন ম্যাচের একদিনের সিরিজে ২-০ ব্যবধানে জিতে নিল দক্ষিণ আফ্রিকা একাডেমি। সোয়েটো ক্রিকেট ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৩৬ ওভার ৫ বলে ১১০ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ২৯ ওভার ১ বলে ৪ উইকেটে জয়ের লক্ষ্য ১১১ ছাড়িয়ে ১১৪ রানে পৌঁছে যায় স্বাগতিকরা। তখনো হাতে ছিল ১২৫ বল। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে নির্ভার হয়ে খেলেছে দক্ষিণ আফ্রিকা একাডেমি। ৩৪ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাজঘরে ফিরে গেলেও লড়াই করার মতো পুঁজি স্কোরবোর্ডে জমা করতে না পারায় স্বাগতিকদের চাপে ফেলার কোনো সুযোগই পাননি বিসিবি একাডেমির বোলাররা। চার নম্বর ব্যাটসম্যান সোয়েম্যান অপরাজিত ৪৪ রান করে দলকে সহজ জয় উপহার দেন। বিসিবি একাডেমি দলের পক্ষে সোহাগ গাজী ২ উইকেট নেন ১৭ রানে। এর আগে ব্যাট করতে নেমে মোফোক্যাংয়ের আগুন ঝরানো বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি সফরকারী ব্যাটসম্যানরা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। সর্বোচ্চ ৩৭ রান আসে আনামুল হকের ব্যাট থেকে। এছাড়া তাসামুল হক করেন ১৬। মোফোক্যাং ৫ উইকেট নেন ২৮ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯০৩ ঘ.