২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের সিরিজে খেলতে পারেন মালিঙ্গা, থারাঙ্গা

অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে একদিনের সিরেজে খেলতে পারেন লাসিথ মালিঙ্গা ও উপুল থারাঙ্গা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 09:26 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে একদিনের সিরেজে খেলতে পারেন লাসিথ মালিঙ্গা ও উপুল থারাঙ্গা। পেসার লাসিথ মালিঙ্গা চোটের কারণে খেলেননি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। রোববার অনুশীলন শেষে সানডে টাইমসকে নিজেই জানিয়েছেন, এখন সম্পূর্ণ সুস্থ তিনি। পাঁচ ম্যাচের একদিনের সিরিজে পরীক্ষা নিতে প্রস্তুত অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। ছোট দৈর্ঘ্যরে ক্রিকেটের ওপর মনোযোগ দেয়ার জন্য টেস্ট থেকে অবসর নেন মালিঙ্গা। একদিনের সিরিজে দলে থাকলে শ্রীলঙ্কার বোলিং আক্রমণের ধার বাড়বে নিঃসন্দেহে। সে কারণে তার অন্তর্ভূক্তি সফরকারীদের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। বিশ্বকাপ রানার্সআপ দলের গুরুত্বপূর্ণ সদস্য উপুল থারাঙ্গাও ফিরতে পারেন একদিনের দলে। বিশ্বকাপে ৫৬.৪২ গড়ে ৩৯৫ রান করেন তিনি। ওই প্রতিযোগিতার সময় নিষিদ্ধ মাদক নেয়ার দায়ে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয় তাকে। এই নিষেধাজ্ঞা উঠে যাবে ৯ অগাস্ট। ১০ অগাস্ট শুরু হচ্ছে একদিনের সিরিজ। কলম্বোয় ২৯ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার পর থারাঙ্গার মাদক পরীক্ষা করা হয়। মাদক-বিরোধী ট্রাইবুন্যাল থারাঙ্গার বক্তব্য মেনে নেয়। তবে লঘু শাস্তি দিতে কসুর করেনি। থারাঙ্গা ট্রাইবুন্যালে বলেছিলেন, কাঁধের চোট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ভেষজ ওষুধ সেবন করেন তিনি। ওই ওষুধে নিষিদ্ধ কোনো উপাদান থাকতে পারে। দীর্ঘদিন ধরে কাঁধের চোটে ভুগছেন থারাঙ্গা। পরে ট্রাইবুন্যালের এক বিবৃতিতে বলা হয়, "ভালো খেলার জন্য থারাঙ্গা এ কাজ করেননি বলে তারা নিশ্চিত হয়েছে। তাই তিনি প্রতারণা করেননি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৫১৫ ঘ.