২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হার দিয়ে শুরু জিপি-বিসিবি একাডেমির

হার দিয়ে শুরু হলো জিপি-বিসিবি জাতীয় একাডেমি দলের দক্ষিণ আফ্রিকা সফর। প্রথম একদিনের খেলায় দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট একাডেমি দলের কাছে ৬ উইকেটে হার মেনেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2011, 10:21 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হার দিয়ে শুরু হলো জিপি-বিসিবি জাতীয় একাডেমি দলের দক্ষিণ আফ্রিকা সফর। প্রথম একদিনের খেলায় দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট একাডেমি দলের কাছে ৬ উইকেটে হার মেনেছে তারা। এ জয়ের ফলে তিন ম্যাচের একদিনের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। সোয়েটো ক্রিকেট ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা একাডেমি দল। ব্যাট করতে নেমে মাহমুদুল হাসানের অর্ধশতকের পরও ৪৬ ওভার ৪ বলে ২১৪ রানে গুটিয়ে যায় সফরকারীরা। জবাবে ভ্যান উইকের অপরাজিত শতকের সুবাদে ৪১ ওভার ৩ বলে ৪ উইকেটে জয়ের লক্ষ্য ২১৫ রানে পৌঁছে যায় স্বাগতিকরা। তখনো হাতে ছিল ৪৫ বল ছোট লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে নির্ভার হয়ে খেলে দক্ষিণ আফ্রিকা একাডেমি দল। এক প্রান্তে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার পালা চলতে থাকলেও অন্য প্রান্তে অবিচল ছিলেন ভ্যান উইক। শেষ পর্যন্ত ১১৪ রানে অপরাজিত থাকেন তিনি। তার ১২৬ বলের ইনিংসে ১০টি চার ও ৪টি ছয় রয়েছে। অন্য ব্যাটসম্যানদের মধ্যে রিচার্ডস ১৩, চেট্টি ২৪, হেনড্রিকস ১৩ ও শোয়েমান ১৮ রান করেন। বোথা অপরাজিত থাকেন ২২ রানে। সফরকারী দলের পক্ষে সোহাগ গাজী ২ উইকেট নেন ৩৪ রানে। এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। ১৯ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার (৬) ও মাইশুকুর রহমান (১০)। শুরু করেও আনামুল হক (৩৩) ও মমিনুল হক (২০) নিজেদের ইনিংস বড় করতে না পারায় প্রাথমিক ধাক্কা আর সামাল দিতে পারেনি সফরকারীরা। ১০১ রানের মধ্যে ৫ উইকেট হারানোর পর জিপি-বিসিবি একাডেমি দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন মাহমুদুল হাসান ও আলাউদ্দিন বাবু। হাসানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৩ রান। তার ৯৬ বলের ইনিংসে ৩টি চার রয়েছে। অন্যদিকে বাবু করেন ৩৫ রান। তিনি তার ৫৬ বলের ইনিংসটি সাজান ২টি চার ও ১টি ছয় দিয়ে। স্বাগতিক দলের পক্ষে সিবোটা ৩ উইকেট নেন ৩০ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬১৫ ঘ.