২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শতায়ু ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার নর্মান গর্ডন ১০০ বছরে পা রাখলেন শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2011, 11:58 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার নর্মান গর্ডন ১০০ বছরে পা রাখলেন শনিবার। এখনকার মতো পাঁচদিন নয়, এক সময় টেস্ট খেলা হতো অনির্ধারিত সময় ধরে। সেই সময়কার ক্রিকেটারদের মধ্যে বেঁচে আছেন কেবল গর্ডন। সীমাহীন সময়ের সর্বশেষ টেস্টটিও খেলেন তিনি। এই খেলাটি হয় ১৯৩৯ সালে। এছাড়া টেস্ট ক্রিকেটারদের মধ্যে তিনি প্রথম ১০০ বছর বাঁচলেন। এর আগে কোনো ক্রিকেটার এক শ' বছর বাঁচেননি। মাত্র পাঁচটি টেস্ট খেলেছেন তিনি। এরই মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় থেমে যায় গর্ডনের ক্রিকেট-জীবন। ১৯৩৮ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে জোহানেসবার্গে অভিষেক হয় গর্ডনের। পাঁচ ম্যাচের ওই সিরিজটিই কেবল খেলার সুযোগ পান তিনি। পরের বছর ৩ মার্চ শুরু হয় সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। এটিই ছিল গর্ডনের শেষ আন্তর্জাতিক ম্যাচ। খেলা চলে ১৪ মার্চ পর্যন্ত। ম্যাচে তিনি বল করেন ৯২.২ ওভার (তখন ওভার ছিল আট বলে)। সব দেশে ৬ বলে ওভার বাধ্যতামূলক করা হয় ১৯৭৯ সালে। পাঁচ টেস্টে ৪০.৩৫ গড়ে ২০ উইকেট নেন গর্ডন। এর মধ্যে এক ইনিংসে ৫টি করে উইকেট নেন দু'বার। পালায সেরা বোলিং ৫/১০৩ ও ম্যাচ-সেরা ৭/১৬২। এছাড়া ২৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেন গর্ডন। ২২.২৪ গড়ে উইকেট নেন ১২৬টি। গর্ডন ছেলেবেলায় যে স্কুলে পড়তেন সেই জেপি হাই স্কুল ফর বয়েজ-এ তার শততম জন্মদিন পালন করা হয়। এখন অবশ্য কথা বলতে পারেন না গর্ডন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭৫৩ ঘ.