ঢাকা, অগাস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ বেলায় মাসাকাদজা ও রে প্রাইসকে ফিরিয়ে দিয়ে হারারে টেস্টে বাংলাদেশের সম্ভাবনা জিইয়ে রেখেছেন অধিনায়ক সাকিব আল হাসান ও বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে শনিবার সিরিজের একমাত্র টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় পালায় জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ৯২ রান। শেষ ২৩ রান তুলতে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। এক প্রান্তে অধিনায়ক ব্রেন্ডন টেলর ৫ রান নিয়ে ব্যাট করছেন অন্য প্রান্তে তাতেন্দা তাইবু এখনো রানের খাতা খুলেন নি। সব মিলিয়ে দ্বিতীয় পালায় এ পর্যন্ত ১৭৫ রানে এগিয়ে স্বাগতিকরা।
এর আগে ভালো অবস্থানে থেকেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৮৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এতে প্রথম পালায় ৮৩ রানের লিড নেয় জিম্বাবুয়ে। স্বাগতিকরা নিজেদের প্রথম পালায় করে ৩৭০ রান।
বড় লিড নিয়ে খেলতে নেমে দ্বিতীয় পালায়ও জিম্বাবুয়েকে দারুণ সূচনা এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান টিনো মায়োয়ো (৩৫) ও ভুসি সিবান্দা (৩৮)। প্রথম পালায় ভালো বল করা রুবেল হোসেন বিপদজনক হয়ে উঠা সিবান্দাকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন। দলের রান তখন ৬৯।
১০ রান পরেই আঘাত হানেন রবিউল ইসলাম। তিনি ফিরিয়ে দেন মায়োয়োকে। এর পর জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা। বিশেষ করে দুই বাঁ-হাতি স্পিনার সাকিব ও রাজ্জাক।
দলীয় ৮৩ রানের মাথায় প্রথম পালায় শতরান পাওয়া হ্যামিল্টন মাসাকাদজাকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে দারুণভাবে ম্যাচে ফিরিয়ে আনেন সাকিব। পরের ওভারেই প্রাইসকে (৪) ফেরান রাজ্জাক।
শেষের দিকে স্বাগতিক দলের ব্যাটসম্যানদের যেভাবে চেপে ধরেছিল সফরকারী দলের বোলাররা তাতে আলোক স্বল্পতার কারণে ৩ ওভার ৩ বল আগে খেলা বন্ধ না হয়ে গেলে জিম্বাবুয়ের বিপদ আরো বাড়তে পারত।
এর আগে ৩ উইকেটে ১০৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শুরু থেকেই সাবধানী ছিলেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল ও মাহমুদুল্লাহ রিয়াদ। দলীয় ১৩৪ রানের মাথায় ব্রায়ান ভিতোরির বল পুল করতে গিয়ে মায়োয়োর হাতে রিয়াদ ধরা পড়লে দিনের প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
উইকেটে সেট হয়ে যাওয়া আশরাফুল ও সাকিব পঞ্চম উইকেটে রানের চাকা সচল করেন। ৫৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার মুহূর্তে বাজে শট খেলার মাসুল গুনে সাজঘরের পথ ধরেন ধৈর্য্যশীল ইনিংস খেলা আশরাফুল (৭৩)। দলের রান তখন ১৯০।
এল্টন চিগুম্বুরাকে নিজের উইকেট উপহার দেয়ার আগে নিজের অষ্টম অর্ধশতক তুলে নেন আশরাফুল। গত ১৭ ইনিংসের মধ্যে এটিই তার প্রথম পঞ্চাশোর্ধ রান। আশরাফুলের বিদায়ের পর বেশ সতর্ক হয়ে যান সাকিব। এর আগ পর্যন্ত মোটামুটি একদিনের মেজাজেই খেলছিলেন তিনি।
মধ্যাহ্ন-বিরতির পর ষষ্ঠ উইকেটে সাকিব ও মুশফিকুর রহীম ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো অবস্থানের দিকে নিয়ে যান। কিন্তু জিম্বাবুয়ের পেসাররা দ্বিতীয় নতুন বলে বাংলাদেশের ব্যাটসম্যানদের বেশ পরীক্ষায় ফেলেন। ওই পরীক্ষায় উৎরাতে না পেরে একে একে দলের শেষ ৫ ব্যাটসম্যান সাজঘরের পথ ধরেন।
শুরুটা হয় নিজের ষষ্ঠ অর্ধশতক তুলে নেয়া সাকিবকে (৬৮) দিয়ে। দলীয় ২৪৬ রানের মাথায় ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন তিনি।
সাকিবের বিদায়ের পর সফরকারীরা তাকিয়ে ছিল মুশফিকের দিকে। কিন্তু হতাশ করেন তিনি। ধৈর্য্য ধরেই খেলছিলেন তিনি, হঠাৎ করেই ধৈর্য্য হারিয়ে পুল করতে গিয়ে ভিতোরির বলে মায়োয়োর হাতে ধরা পড়েন তিনি। আট নম্বর ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে তিনি করেন ২৭ রান।
সাকিবের বিদায়ের পর ৪১ রান যোগ করতে শেষ ৪ উইকেট হারায় বাংলাদেশ।
জিম্বাবুয়ের পক্ষে ভিতারি ৪ উইকেট নেন ৬৬ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৪১ ঘ.
bdnews24