ঢাকা, অগাস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সদস্য দেশগুলোর ক্রিকেট বোর্ডকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নেয়া সংশোধনীর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ক্রিকেটকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডে সরকার মনোনীত কোনো ব্যক্তি থাকতে পরবে না বলে একটি নতুন আইন করেছে আইসিসি। জুনে হংকংয়ে সংস্থাটির বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
পিসিবির এক কর্মকর্তা জানান, আইনি ব্যবস্থা না নিয়ে বোর্ড এখন এই বিষয়ে নির্বাহী কমিটির মতামত জানার চেষ্টা করছে।
ডেইলি টাইমসে ওই কর্মকর্তা বলেন, "এই মুহূর্তে আইসিসির সংশোধনী নিয়ে কোনো আইনি ব্যবস্থা নেয়ার পরিকল্পনা পিসিবি'র নেই। বরং আইসিসি যে সংশোধনী তালিকা পাঠিয়েছে তার প্রধান দুইটি বিষয় নিয়ে আমরা নির্বাহী কমিটির মতামত জানতে চেয়েছি। বিষয় দুইটি হচ্ছে, উন্মুক্ত নির্বাচন ও ক্রিকেট সংক্রান্ত বিষয়ে সরকারের প্রভাব মুক্ত থাকা।"
নির্বাহীর কমিটিতে দেশটির সাবেক দুই আধিনায়ক জাভেদ মিঁয়াদাদ ও ইন্তেখাব আলম ছাড়াও পাঁচটি প্রদেশের প্রতিনিধিরা রয়েছেন।
আইসিসির সংশোধনীর ফলে পিসিবিতে বেশ বড় ধরনের পরিবর্তন হবে। কারণ পাকিস্তানের প্রসিডেন্ট আসিফ আলী জারদারি পিসিবির প্রধান পৃষ্ঠপোষক। তিনিই পিসিবি প্রধান পদে নিয়োগ দেন।
আইসিসির সংশোধনী নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছে পিসিবি। কিন্তু অন্য সদস্য দেশগুলো সংশোধনী মেনে নেয়ায় পিসিবির আপত্তি তুলে নেয়া ছাড়া উপায় ছিলো না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৫১২ ঘ.
bdnews24