ঢাকা, অগাস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে নাও খেলতে পারেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জনাথন ট্রট। চোট পেলেও দর্শক হয়ে থাকতে হবে না বোলার গ্রায়েম সোয়ানকে। মাঠে নামবেন তিনি।
ট্রেন্ট ব্রিজে টেস্টে খেলার সময় দু'জনই চোট পান।
রাহুল দ্রাবিড়ের একটি ড্রাইভ ঝাঁপিয়ে পড়ে ঠেকাতে গিয়ে বাঁ-কাঁধে চোট পান ৩০ বছর বয়সী ট্রট। সে সময় মাঠেই কিছুক্ষণ চিকিৎসা নেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত মাঠ থেকে বেরিয়ে যান তিনি।
গার্ডিয়ান বলছে, ট্রটকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার তাকে অনুশীলন করতে দেয়া হবে না। পরে মাঠে নামার মতো সুস্থ মনে হলে তাকে দলে নেয়া হবে।
ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার জানান, এই মুহূর্তে ট্রট শতভাগ সুস্থ নন।
সোয়ান চোট পান ব্যাট করার সময়। ডেইলি সান জানায়, প্রথমে মনে করা হচ্ছিল সোয়ানের হাতের হাড় ভেঙ্গে গেছে। কিন্তু পরে দেখা যায় তেমন কিছু হয়নি।"
বার্মিংহামে তৃতীয় টেস্ট শুরু হবে ১০ অগাস্ট।
চার টেস্টের সিরিজে ইংল্যান্ড ২-০ তে এগিয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭৪০ ঘ.
bdnews24