২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড যাচ্ছেন কোহলি ও ওঝা

ব্যাটসম্যান বিরাট কোহলি ও স্পিনার প্রজ্ঞান ওঝাকে ইংল্যান্ডে ডেকে পাঠিয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 09:28 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাটসম্যান বিরাট কোহলি ও স্পিনার প্রজ্ঞান ওঝাকে ইংল্যান্ডে ডেকে পাঠিয়েছে ভারত। চোটের কারণে যুবরাজ সিং ও হরভজন সিং সিরিজের তৃতীয় টেস্টে খেলতে পারছেন না। তাদের জায়গায় দেখা যেতে পারে কোহলি ও ওঝাকে। খেলা শুরু হবে ১০ অগাস্ট বার্মিংহামে। চার টেস্টের সিরিজে ইংল্যান্ড ২-০ তে এগিয়ে আছে। বাঁ-হাতের আঙ্গুলে চিড় ধরায় চার সপ্তাহের জন্য মাঠে বাইরে চলে যেতে হয়েছে যুবরাজকে। ট্রেন্ট ব্র্রিজে দ্বিতীয় টেস্টে টিম ব্রেসন্যানের একটি 'বাউন্সার' লাগে তার আঙ্গুলে। পাকস্থলির মাংস পেশীতে টান ধরায় হরভজনকেও বেশ কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। তিনি অবশ্য মোটেও সুবিধা করতে পারছেন না এই সিরিজে। দুই টেস্টে উইকেট নিয়েছেন মাত্র দু'টি। সফরের শুরু থেকেই চোট ভারতের পিছু নিয়েছে। কাঁধে অস্ত্রোপচার করায় প্রথম দুই টেস্ট খেলতে পারেননি উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ। তার সঙ্গী গৌতম গম্ভির লর্ডসে প্রথম টেস্টে মাঠে নামলেও দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি, ওই চোটের কারণে। গোড়ালির চোট নিয়ে প্রথম টেস্টে মাঠে নামেন মূল পেসার জহির খান। কিন্তু তিন ঘণ্টা যেতে না যেতে চোটের অবস্থা আরো খারাপ হয়ে যায়। ফলে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাকেও। এরপর থেকে দলে নেই তিনি। এই টেস্টে গম্ভিরের খেলার কথা নিশ্চিত করেছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু চিন্তায় আছেন শেবাগ ও জহিরকে নিয়ে। তবে বার্মিংহাম টেস্টের আগে ৫ ও ৬ অগাস্ট নর্দাম্পটনশায়ারের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচে খেলার কথা শেবাগ ও গম্ভিরের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৫১৮ ঘ.