ঢাকা, অগাস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অর্ধশতক পাওয়া শাহরিয়ার নাফীসকে শেষ বেলায় হারিয়ে দ্বিতীয় দিনে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।
হারারে টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭। এক প্রান্তে মোহাম্মদ আশরাফুল ৩৪ ও অন্য প্রান্তে মাহমুদুল্লাহ রিয়াদ ৪ রানে ব্যাট করছেন।
প্রথম পালায় এখনো বাংলাদেশ ২৬৩ রানে পিছিয়ে আছে।
তামিম ইকবাল ও ইমরুল কায়েসকে ফিরিয়ে দিয়ে জিম্বাবুয়েকে দারুণ সূচনা এনে দেন ব্রায়ান ভিতোরি। ইমরুলকে (৪) ফিরিয়ে দিয়ে নিজের প্রথম টেস্ট উইকেট নেন তিনি। দলীয় ৩৬ রানে সাজঘরের পথ ধরেন তামিমও (১৫)।
তৃতীয় উইকেটে শাহরিয়ার নাফীস ও আশরাফুল ৬৬ রান যোগ করে দলকে বেশ ভালো অবস্থানে নিয়ে আসেন। কিন্তু নিজের পঞ্চম অর্ধশতকে পৌঁছার পরই নাফীস (৫০) বিদায় নিলে খেলায় ফিরে আসে জিম্বাবুয়ে।
তবে বেশ ধৈর্য্য নিয়ে খেলে চলেছেন আশরাফুল। নাফীসের বিদায়ের পর জিম্বাবুয়ে চেপে ধরেলেও সব আক্রমণ দৃঢ়ভাবে ঠেকিয়ে দেন আশরাফুল ও রিয়াদ।
নাফীস অবশ্য ১৩ রানের মাথায় একবার উইকেটে পেছনে ক্যাচ দিয়েও বেঁচে যান। ৩৬ রানের মাথায় রান আউট হতে গিয়েও তাতেন্দা তাইবুর ভুলে জীবন পান। দুবার জীবন পেলেও শেষ বেলায় রে প্রাইসের বল সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে বড় ইনিংস খেলার সুযোগ হারান।
জিম্বাবুয়ের পক্ষে ভিতোরি ২ উইকেট নেন ২৮ রানে।
এর আগে নিজেদের প্রথম পালায় জিম্বাবুয়ে করে ৩৭০ রান। ২ উইকেটে ২৬৪ রান নিয়ে দিন শুরু করে তারা। ৮ উইকেটে এ দিন যোগ করে ১০৬ রান। এর মধ্যে প্রথম সেশনে ৬২ ও দ্বিতীয় সেশনে ৪৪ রার যোগ করে স্বাগতিকরা। প্রতিটি সেশনেই ৪টি করে উইকেট হারায়।
বাংলাদেশের বোলাররা জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের চেপে ধরার আগেই অবশ্য স্বাগতিকদের ভালো অবস্থানে পৌঁছে দেন হ্যামিল্টন মাসাকাদজা ও অধিনায়ক ব্রেন্ডন টেলর। সফরকারীদের বেশি ভুগিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেয়া মাসাকাদজা (১০৪)।
আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান মাসাকাদজা ও টেলর বেশ সতর্কতার সঙ্গেই দিন শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে অবশ্য দুজনই বাজে বল থেকে রান তুলে নিয়ে দলের অবস্থান আরো সুসংহত করতে থাকেন।
মাসকাদজা শতক তুলে নেয়ার পর পরই বিদায় নিলে বাংলাদেশের বোলাররা দিনের প্রথম সাফল্য পায়। আগের দিন ৮৮ রানে অপরাজিত ছিলেন তিনি। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ১৪২ রান। দলীয় ৩০৪ রানে রবিউল ইসলাম মাসাকাদজাকে ফিরিয়ে দিয়ে টেস্টে নিজের প্রথম উইকেট নেয়ার পাশাপাশি দলকে দিনের প্রথম সাফল্য এনে দেন।
দলীয় ৩১৭ রানের মাথায় ক্রেগ আরভিন (৬) ও টেলর (৭১) বিদায় নিলে জিম্বাবুয়ের উপ চাপ আরো বাড়ে। শুরু থেকেই নড়বড়ে আরভিনকে ফেরান রিয়াদ। আর উইকেটে সেট হয়ে যাওয়া টেলরকে ফিরিয়ে দিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন রবিউল। অফস্ট্যাম্পের অনেক বাইরের নিচু হয়ে যাওয়া একটি বল তাড়া করতে গিয়ে মুশফিকুর রহীমের হাতে ক্যাচ দেন টেলর।
চার বলের ব্যবধানে দুই উইকেট হারানো স্বাগতিকদের আরো চাপে ফেলেন সাকিব আল হাসান। বদলি বোলার হিসেবে এসে নিজের প্রথম ওভারেই ফিরিয়ে দেন চিগুম্বুরাকে। ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে তার দেয়া সহজ ক্যাচ তৃতীয় প্রচেষ্টায় ধরেন শফিউল। ফলে মাত্র ২২ রানে চার ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে খেলায় ফিরে আসে বাংলাদেশ।
৬ উইকেটে ৩২৬ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যাওয়া স্বাগতিকরা দ্বিতীয় সেশনে শুরু থেকেই উইকেট হারায়। এতে অনেক বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েও ৩৭০ রানেই থেমে যেতে হয় তাদের।
দলীয় ৩৫২ রানের মাথায় তাইবুকে (২৩) ফিরিয়ে দিয়ে খেলায় বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসেন সাকিব। এর আর বেশি দূর এগোয়নি স্বাগতিকদের পালা।
বাংলাদেশের পক্ষে সাকিব ও রুবেল হোসেন ৩টি করে উইকেট নেন। এ জন্য সাকিব দেন ৬২ রান। রুবেল ৮৪।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১২৪ ঘ.
bdnews24