ঢাকা, অগাস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ে একাদশের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ।
জয়ের জন্য শেষ দিন জিম্বাবুয়ের দলটির প্রয়োজন ছিল ২২০ রান। আর বাংলাদেশের দরকার ছিল ৮ উইকেট।
ফস্টার মুতিজওয়ার অপরাজিত ৮৭ রান জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় স্বাগতিকদের।
প্রথম পালায় বাংলাদেশের ১৮৮ রানের জবাবে জিম্বাবুয়ের দলটি করে ১১৩ রান। দ্বিতয় পালাতেও ব্যর্থ হন বাংলাদেশী ব্যাটসম্যানরা। দলটি পালা গুটিয়ে যায় মাত্র ১৪৭ রানে। জয়ের জন্য প্রসপার উতসেয়ার দলের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২২২ রান।
দ্বিতীয় দিনের শেষ অংশে ৩ রানে প্রতিপক্ষের দুই উইকেট ফেলে দিয়ে জয়ের ভালো সম্ভাবনা সৃষ্টি করেছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় ও শেষ দিনে বোলারদের ব্যর্থতায় জয়টা অধরাই রয়ে গেলো ১৪ মাস পর টেস্ট খেলতে যাওয়া সাকিববাহিনীর।
মূলত জয়ের চেয়ে বোলিং অনুশীলনের উপর জোর দেন অধিনায়ক সাকিব। শেস পালায় ঘুরিয়ে ফিরিয়ে বল করান তিন পেসার শফিউল ইসলাম, নাজমুল হোসেন ও রবিউল ইসলামকে।
প্রথম পালা বল না করা বাংলাদেশ অধিনায়ক উইকেট পাওয়ার তাড়নায় দ্বিতীয় পালায় নিজের হাতে বল তুলে নেন। অলরাউন্ডার নাসির হোসেন ও মোহাম্মদ আশরাফুলকে দিয়েও বল করান সাকিব। কিন্তু মুতিজওয়াকে কেউ ফেরাতে না পারায় পরাজয় নিয়েও মাঠে ছাড়ে বাংলাদেশ।
বোলারদের মধ্যে আব্দুর রাজ্জাকই সবচেয়ে বেশি হতাশা 'উপহার' দেন। ১৬ ওভার বল করেও হারারের স্পোর্টস ক্লাব মাঠের বোলার 'সহায়ক' পিচে একটিও উইকেট দখল করতে পারেননি এই বাঁ-হাতি স্পিনার। উল্টো খরচ করেন ৭০ টি মূল্যবান রান।
তিন পেসারের প্রত্যেকে একটি করে উইকেট পান। নাসির হোসেনও একটি উইকেট লাভ করেন। তবে বোলার হিসেবে সবচেয়ে সফল ওই সাকিবই। ১৩ ওভার বোলিং করে দুইটি উইকেট লাভ করেন তিনি। খরচ করেন ৪১ রান।
২ উইকেটে ৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে দিনের প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে দলের খাতায় আরো ৮৬ রান যোগ করেন জিম্বাবুয়ে একাদশ। লাঞ্চ বিরতির ঠিক পরেই রবিউল ইসলাম তাদেন্দা তাইবুকে ফিরিয়ে দিলে পঞ্চম উইকেটের পতন ঘটে স্বাগতিকদের। দলের রান তখন ১০০।
বাকি পাঁচ উইকেটে আরো ১২২ রান দরকার তখন জিম্বাবুয়ে একাদশের। এমন অবস্থায় ম্যাচের পাল্লায় বাংলাদেশের দিকেই হেলে পড়ে। প্রথম পালায় ১১৩ রানে গুটিয়ে যাওয়া জিম্বাবুয়ের দলটি বাকি রান করে ফেলবে - এক প্রকার অসম্ভবই মনে হচ্ছিল তা। কিন্তু ষষ্ঠ উইকেটে ফস্টার মুতিজওয়া ও ক্রেইগ আরভিনের ৮৪ রানের জুটি বাংলাদেশের জয়ের সম্ভাবনা ক্ষীণ করে দেয়।
উইকেট পাওয়ার তাড়নায় নাসির হোসেনকে বোলিং আক্রমণে এনে সফলতার মুখ দেখেন সাকিব। ১৮৪ রানে আরভিনকে (৪২) বিদায় করেন নাসির।
এরপর বোলারদের আর কোনো চতুরতা কাজে লাগেনি। পরের ব্যাটসম্যান ম্যালকম ওয়ালারকে (২২) নিয়ে বাকি রান তুলে জিম্বাবুয়ে একাদশকে দারুন এক জয় এনে দেন মুতিজওয়া। জয় নিয়ে যখন মাঠ ছাড়ছেন, মাঝের সারির এই ব্যাটসম্যানের নামের পাশে লেখা ৮৭ রান। এই ইনিংস খেলতে ৪টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি।
সফরের একমাত্র টেস্ট শুরু হবে চার অগাস্ট।
টেস্টে খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রাপ্তির 'তালিকা' খুবই ছোট। মুশফিকুর রহিম, সাকিব ও মাহমুদুল্লাহ রান পেয়েছেন। নাসির হোসেনও খুব একটা খারাপ করেননি। প্রথম পালায় 'তিন পেসার ও রাজ্জাক' মিলে তুলে নেন ১০ উইকেট।
এসব বাদে শুধুই অপ্রাপ্তির কষ্ট। দুই পালার একটিতেও পুরো এক দিন ব্যাট করতে পারেনি সাকিবের দল। জিম্বাবুয়ের মূল দলের বিপক্ষে বেশ কঠিন পরীক্ষার সামনেই পড়তে যাচ্ছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৭২৩ ঘ.
bdnews24