২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের র‌্যাঙ্কিংয়ে একধাপ নেমে গেছে ভারত

বিশ্ব চ্যাম্পিয়ন ভারত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ প্রকাশিত একদিনের ক্রিকেট র‌্যাঙ্কিংয়ের এক ধাপ নেমে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 10:28 AM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, অগাস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব চ্যাম্পিয়ন ভারত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ প্রকাশিত একদিনের ক্রিকেট র‌্যাঙ্কিংয়ের এক ধাপ নেমে গেছে। ভারতের অবস্থান এখন তিন। আর দুই নম্বরে উঠে গেছে বিশ্বকাপের রানার্সআপ শ্রীলঙ্কা। তালিকার বার্ষিক হালনাগাদ করার পর সোমবার তা প্রকাশ করে আইসিসি। শ্রীলঙ্কার (১১৮ রেটিং) চেয়ে এক রেটিং পয়েন্টে পিছিয়ে আছে ভারত (১১৭ রেটিং)। আর বরাবরের মত শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া (১৩০)। শ্রীলঙ্কার চেয়ে ১২ রেটিং পয়েন্টে এগিয়ে আছে দলটি। এক বিবৃতিতে আইসিসি বলেছে, "গত ১২ মাসে ভারত নয়টি একদিনের ম্যাচ হেরেছে। যার দুটি আবার র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। জয়-পরাজয়ের অনুপাতও ভারতের বিপক্ষে গেছে। এই অনুপাতে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ভারতের চেয়ে এগিয়ে।" ১১৬ রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এর পর যথাক্রমে ইংল্যান্ড (১০৬), পাকিস্তান (১০০), নিউজিল্যান্ড (৯০) ও ওয়েস্ট ইন্ডিজ (৭৮)। রেটিং বাড়লেও নবম স্থানেই আছে বাংলাদেশ। ৬৭ থেকে বেড়ে দেশটির রেটিং দাঁড়িয়েছে ৭০। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৬২৪ ঘ.