ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আম্পায়ারের সঙ্গে তর্ক করার শাস্তিস্বরূপ ভারতের পেসার প্রভিন কুমারকে ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।
আম্পায়ারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার ঘটনা প্রভিনের জন্য এই প্রথম নয়। লর্ডস টেস্টে পিচের 'ডেঞ্জার এরিয়া'য় পা ফেলার অপরাধে আম্পায়ার বিলি বাউডেন তাকে সতর্ক করেন। ওয়েস্ট ইন্ডিস সফরের প্রথম টেস্টেও একই ভুল করেছিলেন প্রভিন। সে সময় অ্যাম্পায়ার ড্যারেল হারপার তাকে দু'বার সতর্ক করেন। ফলে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তাকে বোলিং আক্রমণ থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিলেন।
ট্রেন্ট ব্রিজে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিনের ১৮তম ওভারে কেভিন পিটারসেনের বিপক্ষে এলবিডাব্লিউ'র আবেদন করেন প্রভিন। কিন্তু আম্পায়ার মারায়িস এরাসমাস তা নাকচ করে দেন। যদিও টেলিভিশন-রিপ্লেতে দেখা মনে হয়েছে, বল পিটারসেনের উইকেটের বেল ফেলে দিতো।
এই সিরিজে এলবিডাব্লিউ'র ক্ষেত্রে আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ব্যবহার করা হচ্ছে না। প্রভিনের সামনে ডিআরএস ব্যবহারের সুযোগও ছিলো না। প্রচন্ড হতাশ ভারতীয় পেসার তাই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। হরভজন সিং ও সুরেশ রায়নার মধ্যস্থতায় বিষয়টি অবশ্য বেশি দূর গড়ায়নি।
বোলিং ফিরে এসে এর কড়া জবাব দেন প্রভিন। সেই স্পেলে তার বোলিং ফিগার ছিল ৬-৪-৭-২ ! ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও ইয়ন মর্গানের উইকেট দুটি তুলে নেন প্রভিন। ইয়ান বেলের উইকেটটিও প্রায় পকেটে পুরেছিলেন। কিন্তু প্রথম স্লিপে বেলের সহজ ক্যাচটি হাতে জমাতে পারেননি রাহুল দ্রাবিড়।
জহিরের অনুপস্থিতিতে ট্রেন্টবিজ্র টেস্টে প্রভিনের হাতে নতুন বল তুলে দেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অধিনায়কের আস্থার যোগ্য প্রতিদান দিলেন প্রভিন। প্রথম দিন শেষে ২২-৮-৪৫-৩ বোলিং ফিগার নিয়ে তিনিই ভারতের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিএ/১৮০৮ ঘ.
bdnews24