২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন করুন সেরা ক্রিকেটার

ভক্তদের পছন্দের সেরা ক্রিকেটার বেছে নেয়ার সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2011, 11:20 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভক্তদের পছন্দের সেরা ক্রিকেটার বেছে নেয়ার সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইল। বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত পাঁচ ক্রিকেটারের এই তালিকার বাকি তিনজন হলেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও ইংল্যান্ডের জনাথন ট্রট। এই পাঁচজনের মধ্য থেকে ২০১১ সালের জন্য সেরা ক্রিকেটার নির্বাচিত করা হবে ভক্তদের ভোটে। www.lgpeopleschoice.com এই ঠিকানায় ভোট দেয়া যাবে ২৫ অগাস্ট পর্যন্ত। খেলোয়াড়দের গত বছরের 'পারফরমেন্স' যাচাই করে তালিকাটি তৈরি করেন এক সময়ের মাঠ কাঁপানো ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েড, পাকিস্তানের জহির আব্বাস, ইংল্যান্ডের মাইক গ্যাটিং, দক্ষিণ আফ্রিকার পল অ্যাডামস ও নিউজিল্যান্ডের ড্যানি মরিসন। লন্ডনে ১২ সেপ্টেম্বর আইসিসির পুরস্কার প্রদান অনুষ্ঠানে ঘোষণা করা হবে ভক্তদের সেরা ক্রিকেটারের নাম। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার দিতে যাচ্ছে আইসিসি। প্রথমবার এই পুরস্কার জেতেন শচীন টেন্ডুলকার। আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত এক বিবৃতিতে বলেন, "গত বছর শচীন টেন্ডুলকার সেরা নির্বাচিত হওয়ায় এ কথাই প্রমাণ হয় যে বিশ্বজুড়ে তার অনেক ভক্ত রয়েছেন। সেই সঙ্গে আমরা তার প্রাপ্ত ভোটের সংখ্যাও জেনেছি।" "তাই এই পুরস্কারটি এখন অত্যন্ত সম্মানের," বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬৫১ ঘ.