ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারছেন না ভারতের পেস বোলিং আক্রমণের মূল ভরসা জহির খান। একই কারণে উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভিরের মাঠে নামাও অনিশ্চিত।
ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এই তথ্য জানিয়েছেন।
নটিংহ্যামে শুক্রবার থেকে খেলাটি শুরু হবে।
চোট নিয়েই লর্ডস টেস্টে মাঠে নেমেছিলেন জহির। কিন্তু প্রথম দিনের পর তিনি আর বল হাতে নিতে পারেননি। ওই টেস্ট ১৯৬ রানে হেরে যায় ভারত।
ধোনি বলেন, "আমরা সবসময়ই তাকে (জহির) দলে পেতে চাই। কারণ তিনি আমাদের সবচেয়ে অভিজ্ঞ বোলার। বিশেষ করে যখন খেলাটা ইংল্যান্ডে হয় তখন তার দলে থাকাটা খুবই জরুরি। দেশের হয়ে এখানে তিনি অনেকবার খেলেছেন। আর ভারতের গত ইংল্যান্ড সফরে তিনি দারুণ বল করেন।"
জহিরকে দলে না পেয়ে প্রচন্ড হতাশ ধোনি। তবে বিষয়েটিকে তিনি ইতিবাচক হিসেবে নিতে চান। জহির না থাকায় দলের তরুণ বোলাররা আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রমাণের সুযোগ পাবে বলে মনে করছেন ধোনি।
জহিরের জায়গায় মুনাফ প্যাটেল বা শ্রীশান্তকে দলে নেয়া হতে পারে। ভারতের অন্য দুই পেসার হলেন প্রবিন কুমার ও ইশান্ত শর্মা।
এদিকে উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভিরের মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। লর্ডস টেস্টে ফিল্ডিং করার সময় বাঁ হাতে চোট পান গম্ভির। খেলার দিন সকালে গম্ভিরের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান ধোনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১২০০ ঘ.
bdnews24