ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত ভারতের বাঁ-হাতি ফাস্ট বোলার জহির খান। তবে মাঠে নামার মতো সুস্থ হয়ে উঠেছেন শচীন টেন্ডুলকার ও গৌতম গম্ভির।
নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে খেলা শুরু হবে শুক্রবার।
চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।
ট্রেন্ট ব্রিজে বুধবার প্রায় চার ঘণ্টা অনুশীলন করে ভারতীয় দল। তবে বাড়তি সময় ধরে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় টেন্ডুলকার ও গম্ভিরকে।
ক্রিকেটাররা অনুশীলন শুরু করেন ফুটবল খেলার মধ্য দিয়ে। নেটে যাওয়ার আগে ফিল্ডিং অনুশীলন করেন তারা।
এ সময় প্রায় ৪৫ মিনিট মাঠে উপস্থিত ছিলেন জহির খান। তবে তাকে অনুশীলন করতে দেখা যায়নি।
জহিরের বদলে দলে নেয়া হতে পারে মুনাফ প্যাটেল অথবা শান্তাকুমারন শ্রীশান্তকে।
ইংল্যান্ড দলে কোনো পরিবর্তন আনা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯২৩ ঘ.
bdnews24