ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কা সফরের মধ্য দিয়ে শীর্ষ দলের মর্যাদা ফিরে পাওয়ার লড়াই শুরু করতে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।
এ বছরের মার্চে রিকি পন্টিংয়ের হাত থেকে দলের লাগাম তুলে দেয়া হয় ক্লার্কের হাতে।
শ্রীলঙ্কা সফরে তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ও দু'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।
বেশ কিছুদিন ধরেই অস্ট্রেলিয়ার দিনকাল ভালো যাচ্ছে না। টেস্ট সিরিজ হেরেছে ইংল্যান্ড ও ভারতের কাছে। এছাড়া শেষ আটটি টেস্টের মধ্যে জিতেছে মাত্র দু'টিতে।
বর্তমান অস্ট্রেলিয়া দল সম্পর্কে তিনি বলেন, "আমি সব সময় বলে আসছি যে দলে প্রতিভার কোনো অভাব নেই, এমন কি ঘরোয়া ক্রিকেটেও। তাই উন্নতি না করার কোনো কারণ আমি দেখছি না।"
শ্রীলঙ্কা সফর শেষে দক্ষিণ আফ্রিকা যাবে অস্ট্রেলিয়া। এছাড়া দেশের মাটিতে খেলবে নিউজিল্যান্ড ও ভারতের সঙ্গে।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল শ্রীলঙ্কা রওনা দেবে ৩০ জুলাই। একদিনের দলের খেলোয়াড়রা যাবেন ৫ অগাস্ট। আর ১৬ অগাস্ট যাবেন টেস্ট দলের খেলোয়াড়রা।
৬ অগাস্ট প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২৩২৮ ঘ.
bdnews24