২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পালা ব্যবধানে হার জিম্বাবুয়ে একাদশের

অস্ট্রেলিয়া 'এ' দলের বিপক্ষে চার দিনের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি খেলায় এক পালা ও ১৮ রান হেরেছে জিম্বাবুয়ে একাদশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 03:36 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়া 'এ' দলের বিপক্ষে চার দিনের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি খেলায় এক পালা ও ১৮ রান হেরেছে জিম্বাবুয়ে একাদশ। হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে ব্যাট করে জিম্বাবুয়ে প্রথম পালায় করে ৩০০ রান। জবাবে সফরকারী অস্ট্রেলিয়া 'এ' কেবল এক পালা ব্যাট করার সুযোগ পায়। রান করে ৪৯৮। অস্ট্রেলিয়ার পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ২১১ ও অ্যারন ফিঞ্চ ১২২ রান করেন। এতে ১৯৮ রানে এগিয়ে যায় সফরকারীরা। দ্বিতীয় পালায় স্বাগতিকরা গুটিয়ে যায় ১৮০ রানে। দ্বিতীয় পালায় ব্যাট করতে নেমেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। দলের ব্যাটসম্যানদের ব্যর্থতার মধ্যে হেসেছে কেবল অধিনায়ক ব্রেন্ডন টেলরের ব্যাট। দুই পালাতেই আদায় করে নেন অর্ধশতক। এছাড়া দ্বিতীয় পালায় 'নাইটওয়াচম্যান' রে প্রাইস করেন ৩৯ রান। অস্ট্রেলিয়া 'এ' দলের মিচেল স্টার্ক, ট্রেন্ট কপল্যান্ড, জেসন ক্রেজা ও মিচেল মার্শ দু'টি করে উইকেট নেন। এর আগে প্রথম খেলাতেও ৭ উইকেটে হারে জিম্বাবুয়ে একাদশ। বাংলাদেশের বিপক্ষে হারারেতে ৪ অগাস্ট প্রায় ছয় বছর পর প্রথমবারের মতো টেস্ট খেলতে নামবে জিম্বাবুয়ে। এর মধ্য দিয়ে স্বেচ্ছা নির্বাসন থেকে টেস্ট অঙ্গনে ফিরবে দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৩০ ঘ.