২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমকে নিয়ে শঙ্কা নেই: দেবাশীষ

তামিম ইকবালের চোট নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রীড়া চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 03:19 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তামিম ইকবালের চোট নিয়ে চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রীড়া চিকিৎসক দেবাশীষ চৌধুরী। বাংলাদেশ দলের ২৮ জুলাই জিম্ববুয়ে পৌঁছার কথা। সফরে একটি টেস্ট ছাড়াও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই টেস্টের মধ্য দিয়ে স্বেচ্ছা নির্বাসন থেকে ছয় বছর পর টেস্ট অঙ্গনে ফিরবে জিম্বাবুয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার চিকিৎসক বলেন, "জাতীয় দলের সহ-অধিনায়ক তামিমের ডান কুঁচকির স্ক্যান করা হয়েছে। এতে দ্বিতীয় 'গ্রেডের স্ট্রেইন' ধরা পড়েছে।" দ্বিতীয় 'গ্রেডের স্ট্রেইন' গুরুতর কিছু নয় বলে জানান দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, "আশা করছি, তামিম দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এ ধরনের চোটের ক্ষেত্রে সুস্থ হতে আঘাত পাওয়ার সময় থেকে প্রায় ১৫ দিন লেগে থাকে।" ইংল্যান্ডের ঘরোয়া ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নটিংহ্যামশায়ারের হয়ে খেলার সময় চোট পান বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম। ২৮ জুলাই নাগাদ তামিম সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন চিকিৎসক। তিনি বলেন, তার আগ পর্যন্ত তামিমকে দৌড়া-দৌড়ি করতে নিষেধ করা হয়েছে। তবে সোমবার থেকে হয়তো নেটে ব্যাট করতে পারবেন। এছাড়া দুই-একজনের ছোটখাটো কিছু সমস্যা রয়েছে। তবে খেলতে না পারার মতো চোট কারোর নেই বলে জানান দেবাশীষ চৌধুরী। 'কন্ডিশনিং ক্যাম্পে'র অংশ হিসেবে কক্সবাজারে ফুটবল খেলার সময় চোট পান পেসার শাহাদাত হোসেন রাজীব। চিকিৎসক বলেন, "তিনিও এখন অনেকটা সুস্থ। আশা করছি, আগামী মাসের তৃতীয় সপ্তাহ থেকে বল করতে পারবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০৫৮ ঘ.