২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লম্বা স্পেল করতে প্রস্তুত: প্রভিন

লম্বা স্পেল করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রভিন কুমার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 02:39 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লম্বা স্পেল করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রভিন কুমার। লর্ডস টেস্টে ইনিংসে ৫ উইকেট নেয়া ছিল ভারতের পেসার প্রভিন কুমারের স্বপ্ন। সে স্বপ্ন পূরণের পর এবার জানালেন, জহির খানের অনুপস্থিতিতে দলের পেস আক্রমণের দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রস্তুত তিনি। তিনি বলেন, "এটা চাপের কোনো ব্যাপার নয়, নিজেকে আরো কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করা। জানি জহিরের অনুপস্থিতিতে বেশি বল করতে হবে। আমি লম্বা স্পেল করতে প্রস্তুত।" ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দ্বিতীয় দিন হ্যামস্ট্রিং চোটের কারণে বল করতে পারেন নি জহির। এ কারণে শুক্রবার সফরকারীদের একজন বোলার কম নিয়ে খেলতে হয়েছে। পরিস্থিতি এতো নাজুক ছিল রাহুল দ্রাবিড়কে উইকেটরক্ষকের দায়িত্ব দিয়ে এমনকি উইকেটরক্ষক-অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও বল হাতে নিতে হয়েছে। অন্যদিকে লাইন লেন্থ খুঁজেই পাচ্ছিলেন না ইশান্ত শর্মা। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সেভাবে চাপে ফেলতে পারেন নি অফস্পিনার হরভজন সিংও। এমন পরিস্থিতিতে জ্বলে উঠেন প্রভিন কুমার। পেস কম থাকায় যিনি অনেক বেশি সমালোচিত। দ্বিতীয় দিনে তিনিই ছিলেন ভারতের মূল অস্ত্র। শেষ পর্যন্ত ৫ উইকেট নেন ১০৬ রান দিয়ে। দ্বিতীয় দিন শেষে প্রভিন বলেন, "এখানে খেলা একটা স্বপ্নের মতো।" প্রভিন বলেন, "আবহাওয়া বেশ ভালো ছিল এবং পাঁচ উইকেট নেয়ার অনুভূতিটা দারুণ। চার উইকেট নেয়ার পর পঞ্চমটি তুলে নেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএনএম/২০৩৭ ঘ.