ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয় দিয়েই শুরু হল স্টুয়ার্ট ল যুগের। তবে, প্রস্তুতি ম্যাচে জিপি-বিসিবি একাডেমি দলের বিপক্ষেও ঘাম ঝরাতে হয়েছে জাতীয় দলকে।
হারের শঙ্কা জাগিয়েও দুই দিনের প্রস্তুতি ম্যাচে জিপি-বিসিবি একাডেমি দলের মাঝ ও নিচের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ৪০ রানে জেতে জাতীয় দল। নিজেদের পালায় জাতীয় দল ৫৯ ওভার ৩ বলে ২৫৮ রান করে। জবাবে একাডেমি দল ৬৫ ওভার ৩ বলে ২১৮ রানে গুটিয়ে যায়।
দুই দলের মধ্যে এটি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হয়ে যায়।
২ উইকেটে ২৪ রান নিয়ে একাডেমি দল ব্যাটিং শুরু করে। আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান তাসামুল হক এবং অধিনায়ক আলাউদ্দিন বাবু সকালে জাতীয় দলের বোলারদের একরাশ হতাশা উপহার দিয়ে দলকে শক্ত ভিত গড়ে দেন।
দলীয় ১১৯ রানের মাথায় নাজমুল হোসেনের নিচু হয়ে যাওয়া একটি বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বাবু (৬৩)। ততক্ষণে তৃতীয় উইকেটে বাবু ও তাসামুল ১০২ রান যোগ করেন। বাবুর ৯৫ বলের ইনিংসে ৬টি চার ও ৩টি ছয় রয়েছে।
বাবু বিদায় নিলেও তাসামুল ও আসিফ আহমেদ লড়াই চালিয়ে যান। বেশ সহজেই রান পাচ্ছিলেন তারা। কিন্তু দলীয় ১৬৩ রানের মাথায় তাসামুল (৭৩) মোহাম্মদ আশরাফুলের বলে উইকেটরক্ষক মুশফিকুর রহীমকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলে বিপদে পড়ে যায় একাডেমি দল। তিনি তার ১৩৭ বলের ইনিংসটি সাজান ১০টি চার দিয়ে।
দলীয় ১৮৯ রানের মাথায় রুবেল হোসেনের বল পুল করতে গিয়ে নাসিরের কাছে সহজ ক্যাচ দিয়ে আসিফ (৩৭) বিদায় নিলে একাডেমি দল পথ হারায়। পরের দিকের ব্যাটসম্যানরা পরাজয়ের ব্যবধান কমিয়েছেন কেবল। এর পর আর কেউ সেভাবে জাতীয় দলের বোলারদের চ্যালেঞ্জ জানাতে পারেন নি।
এক পর্যায়ে ৭ উইকেটে জয়ের জন্য ৯৮ রান লাগতো একাডেমি দলের। হাতে যথেষ্ট ওভারও ছিল। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছেই হার মানতে হয় তারুণ্যের।
জাতীয় দলের পক্ষে আব্দুর রাজ্জাক ৩ উইকেট নেন ৮২ রানে। এছাড়া রুবেল ও আশরাফুল ২টি করে উইকেট নেন। এ জন্য রুবেল দেন ২০ রান। আশরাফুল ২৫।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৫৩ ঘ.
bdnews24