২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে ব্যর্থ জাতীয় দলের ব্যাটসম্যানরা

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে এক রকম ব্যর্থ হলেন জাতীয় দলের ব্যাটসম্যানরা। উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফীসের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৭২ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 03:30 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে এক রকম ব্যর্থ হলেন জাতীয় দলের ব্যাটসম্যানরা। উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফীসের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৭২ রান। জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে জাতীয় দল ৫৯ ওভার ৩ বলে ২৫৮ রানে গুটিয়ে যায়। জবাবে ৯ ওভারে ২ উইকেটে ২৪ রান তোলে একাডেমি দল। দিনের খেলা শেষ হওয়ার সময় তাসামুল হক ১০ ও আলাউদ্দিন বাবু ৪ রানে ব্যাট করছিলেন। মাহমুদ রানের খাতা খোলার আগেই রবিউলের বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন। ৮ রান করে তাকে অনুসরণ করেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান আব্দুল মজিদ। তিনি আব্দুর রাজ্জাকের শিকারে পরিণত হন। দ্বিতীয় ও শেষ দিন জয়ের জন্য একাডেমি দলের প্রয়োজন আরো ২৩৫ রান। হাতে আছে ৮ উইকেট। ইমরুল কায়েস ও নাফীসের উদ্বোধনী জুটি বড় কিছুর ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু দলীয় ৭১ রানের মাথায় ইমরুল (২০) সাজঘরে ফিরলে প্রথম উইকেট হারায় জাতীয় দল। উইকেটে সেট হওয়ার আগেই জুনায়েদ সিদ্দিক (৮) ও রানের খাতা খোলার আগেই মোহাম্মদ আশরাফুল বিদায় নিলে বিপদে পড়ে দলটি। এক প্রান্তে নাফীস সাবলীল থাকলেও অন্য প্রান্ত থেকে তেমন কোনো সহায়তা পাননি। দলীয় ১৪৫ রানের মাথায় পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে করেন ৭২ রান। তার ১০৪ বলের ইনিংসে ১৩টি চার রয়েছে। এর আগে ১৮ রান করে বিদায় নেন উইকেটরক্ষক মুশফিকুর রহীম। শুরু করেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ (২৯), শুভাগত হোম চৌধুরী (৩৬)। ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝে শফিউল ইসলামের ব্যাট থেকে আসে ৩৪ রান। একাডেমি দলের পক্ষে সোহাগ গাজী ৪ উইকেট নেন ২৪ রানে। মোহাম্মদ আল আমিন ও শাকের আহমেদ নেন ২টি করে উইকেট। এ জন্য আল আমিন দেন ৪২ রান। শাকের খরচ করেন ৪৯ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/২১২৭ ঘ.